এডেন উপসাগরে মিশন শেষ করে ফেরার পথে বাংলাদেশ সফরে আসছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নেভির ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও মালয়েশিয়া সফর করবে চীনা নৌবাহিনীর এই দল।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এডেন উপসাগরে দায়িত্ব পালন শেষে টাস্ক গ্রুপটি চীনে ফেরার পথে রয়েছে।
সফরকালে সংশ্লিষ্ট দেশগুলোর নৌবাহিনীর সঙ্গে পেশাগত মতবিনিময় এবং জাহাজ পরিদর্শনের জন্য ‘শিপ ওপেন ডে’ আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্ব ও কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হবে বলে জানান চিয়াং বিন।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চীনের ৪৮তম নৌবাহিনী এসকর্ট টাস্ক গ্রুপে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার থাংশান, গাইডেড-মিসাইল ফ্রিগেট তাছিং এবং সমন্বিত সরবরাহ জাহাজ থাইহু।
২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলীয় জলসীমায় এসকর্ট মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল টাস্ক গ্রুপটি।
জলদস্যুতা মোকাবিলা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে চীনের পিএলএ নেভি ২০০৮ সালের ডিসেম্বর থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিয়মিত এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।
চীনা নৌবাহিনীর এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার সামুদ্রিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি


















