বাজার উন্মুক্তকরণ, বিনিয়োগ সহযোগিতা গভীরে নেওয়া, উদ্ভাবন জোরদার এবং বাণিজ্য বাধা দূর করে ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং।
বৃহস্পতিবার শাংহাইয়ে নবম চীনা আন্তর্জাতিক আমদানি এক্সপো (সিআইআইসি) এবং হোংছিয়াও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির এই সদস্য বলেন, ‘বিশ্বজুড়ে এক শতাব্দীতে দেখা যায়নি এমন গভীর পরিবর্তন দ্রুত ঘটছে। অর্থনৈতিক বিশ্বায়ন নানা প্রতিকূলতার মুখে পড়েছে। বৈশ্বিক উন্নয়নে ভারসাম্যহীনতা এখনও প্রকট এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন। বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে উদ্বেগ বোধগম্য। তবে মূল বিষয় হলো কীভাবে ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা যায়।
তিনি দেশগুলোর প্রতি বাজারের সুযোগ ভাগাভাগি, উন্মুক্ততা ও সংযোগ বাড়ানো এবং নিজ নিজ তুলনামূলক সুবিধাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সম্মিলিতভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি বাড়িয়ে বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া তিনি বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করা এবং আন্তঃসীমান্ত শিল্পব্যবস্থার বিন্যাস উন্নত করার আহ্বান জানান। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলে আরও গভীরভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বাণিজ্যে ভারসাম্য আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিং সুয়েসিয়াং উদ্ভাবনের সম্ভাবনাকে কাজে লাগানো, সরবরাহের মান উন্নত করা এবং বাণিজ্যের নতুন ক্ষেত্র সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রূপান্তর ও আধুনিকায়নের অগ্রগতির মাধ্যমে বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
পাশাপাশি একে অপরের বৈধ উদ্বেগকে যথাযথ মূল্যায়ন, আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূরীকরণ ও বাণিজ্য বাধা অপসারণের মাধ্যমে ভারসাম্যপূর্ণ বাণিজ্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।
সূত্র: সিএমজি

















