মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করবে চীন: লি ছিয়াং - Mati News
Tuesday, October 20

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করবে চীন: লি ছিয়াং

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রস্তাবের চেতনা ধারণ করে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বেইজিং।

সোমবার শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকের ফাঁকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

লি ছিয়াং বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও সংলাপ উৎসাহিত করতে চীন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চীন ও ইরান প্রাচীন সভ্যতার অধিকারী এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছরে চীন-ইরান সম্পর্ক ধারাবাহিকভাবে স্থিতিশীল ও সুস্থভাবে বিকশিত হয়েছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এ সম্পর্ক বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

লি ছিয়াং বলেন, চলতি বছর চীন ও ইরানের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জনে ইরানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শুরু থেকেই অঞ্চলটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট সি চিন পিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং এগিয়ে নিতে চারটি প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক অভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠায়ও চার দফা প্রস্তাব উত্থাপন করেছেন তিনি। এসব উদ্যোগ অঞ্চলটির বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

অন্যদিকে, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফ বলেন, ইরান চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে সব পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা জোরদার এবং শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও ব্রিকসের মতো বহুপক্ষীয় কাঠামোতে সমন্বয় বাড়াতে আগ্রহী তেহরান।

তিনি বলেন, একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন ধারাবাহিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থাকে সমর্থন করে আসছে এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় কাজ করছে। এ জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাতের অবসানে চীনের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করে আরেফ বলেন, অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রস্তাব ও উদ্যোগকে স্বাগত জানায় এবং সমর্থন করে ইরান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *