দক্ষিণ-পশ্চিম জার্মানির ম্যানহাইম শহরে অনুষ্ঠিত হয়ে গেল চীনের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মধ্য শরৎ উৎসব। শনিবার লুইজেনপার্কে অবস্থিত চীনা উদ্যানে এই উৎসব উপলক্ষে ছিল ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
চীনের মধ্য শরৎ উৎসব ঐতিহ্যগতভাবে পূর্ণিমার সঙ্গে সম্পর্কিত। পূর্ণিমার চাঁদ ঐক্য, সম্প্রীতি ও পরিবারের পুনর্মিলনের প্রতীক। এ বছর ২৫ সেপ্টেম্বর উৎসবটি উদযাপিত হবে।
অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীরা মুন কেকের স্বাদ, সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন কারুশিল্প তৈরির অভিজ্ঞতা নেন। এভাবে তারা উৎসবের উষ্ণ ও আনন্দময় পরিবেশে মেতে ওঠেন।
এ বছর ম্যানহাইমের চীনা উদ্যান প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী পালিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থাপনা হিসেবে এটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চেনচিয়াং এবং ম্যানহাইমের দীর্ঘদিনের অংশীদারত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে কাজ করছে।
ম্যানহাইমের মেয়র ক্রিশ্চিয়ান স্পেচট বলেন, ‘মধ্য শরৎ উৎসব পরিবারের পুনর্মিলনের সময়—যা আমার কাছে সত্যিই চমৎকার। আজ আমরা ম্যানহাইমে চীনা চা ভবন ও চীনা উদ্যান প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীও উদযাপন করছি। চীন-জার্মানি বন্ধুত্ব সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রক্রিয়ায় শহর-শহর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।‘
চীনের জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি প্রধান কোচ ক্লাউস স্লাপনার বলেন, ‘জার্মানিতেও মানুষ মধ্য শরৎ উৎসবের কথা বলেন এবং মনে করেন যে, আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি। দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, একসঙ্গে কাজ করা, পারস্পরিক বিনিময়ে যুক্ত হওয়া এবং এই বন্ধুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজটি আমরা করতে পারি।‘
সূত্র: সিএমজি



















