মস্কোতে অনুষ্ঠিত হলো ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব - Mati News
Saturday, November 7

মস্কোতে অনুষ্ঠিত হলো ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব

নভেম্বর ৭: গত বৃহস্পতিবার, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং রাশিয়ায় চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে মস্কোতে ‘চীনের শাসনব্যবস্থা ও বিশ্ব উন্নয়ন’ শীর্ষক বৈশ্বিক সংলাপের রাশিয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন চীনের উপ-প্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই শিয়োং।

শেন হাই শিয়োং বলেন, বর্তমানের চীনকে বুঝতে হলে চীনের কমিউনিস্ট পার্টিকে বুঝতে হবে। বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ পাওয়া চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্প্রতি বেইজিংয়ে শেষ হয়েছে। এই অধিবেশনে নতুন যুগে সার্বিক ও কঠোর দলীয় শাসন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের অর্জন ও অভিজ্ঞতার গভীর পর্যালোচনা করা হয়েছে এবং এ কাজ অব্যাহত রাখার জন্য একটি সুসংবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এই অধিবেশন নতুন যাত্রায় চীনের কমিউনিস্ট পার্টির আত্মসংস্কারের প্রক্রিয়া শেষ পর্যন্ত এগিয়ে নেওয়ার আহ্বান। একই সঙ্গে এটি বিশ্বের প্রতি একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা। ১০৫ বছরের গৌরবময় ইতিহাস অতিক্রম করা চীনের কমিউনিস্ট পার্টি আরও উচ্চ মানদণ্ড ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিজেদের শক্তিশালী করবে এবং ‘চীনের কমিউনিস্ট পার্টির শাসনব্যবস্থার’ মাধ্যমে ‘চীনের শাসনব্যবস্থার’ সাফল্য অর্জন করবে।

শেন হাই শিয়ং বলেন, চায়না মিডিয়া গ্রুপ চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যের পেছনের কারণগুলো তুলে ধরা ও ব্যাখ্যা করার কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি, চীনের কমিউনিস্ট পার্টির গল্প আরও ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরবে এবং পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তুলবে। ৮৫টি ভাষায় সম্প্রচার, সিজিটিএন-এর সমন্বিত গণমাধ্যম প্ল্যাটফর্ম এবং বিশ্বের বিভিন্ন দেশে ১৯২টি বিদেশি কেন্দ্রের যোগাযোগ সক্ষমতা কাজে লাগিয়ে সরকারি সংস্থা, গণমাধ্যম ও থিঙ্কট্যাংকগুলোর সঙ্গে সহযোগিতা আরও গভীর করবে। বিভিন্ন দেশকে নিজেদের শাসনব্যবস্থার উন্নয়নের পথ খুঁজে পেতে এবং সম্মিলিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করাই এর লক্ষ্য।

অনুষ্ঠানে রাশিয়ায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স চাং ওয়েই বলেন, চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং ‘চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনা ও নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে চীন-রাশিয়া সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। দুই দেশের সম্পর্ক আরও কার্যকর ও দ্রুত উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

তিনি বলেন, চায়না মিডিয়া গ্রুপের আয়োজিত এই বৈশ্বিক সংলাপ বিভিন্ন দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিদের মধ্যে খোলামেলা মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। দুই দেশের পাশাপাশি বৈশ্বিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে আরও বেশি জ্ঞান ও শক্তি অবদান রাখতে চীন ও রাশিয়ার বিভিন্ন মহলের বন্ধুদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *