শিল্প ও পরিবেশের মেলবন্ধনে চীন-সিঙ্গাপুর থিয়েনচিন ইকো-সিটি - Mati News
Sunday, November 22

শিল্প ও পরিবেশের মেলবন্ধনে চীন-সিঙ্গাপুর থিয়েনচিন ইকো-সিটি

নগর অবকাঠামো নির্মাণ পেরিয়ে শিল্প প্রবৃদ্ধি ও উচ্চ-মূল্যসংযোজিত অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন ধাপে প্রবেশ করেছে উত্তর চীনের `চীন-সিঙ্গাপুর থিয়েনচিন ইকো-সিটি’। পরিবেশবান্ধব এ শহরের প্রশাসনিক কমিটির প্রধান লি লং সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

প্রশাসনিক কমিটি সূত্রে জানা গেছে, ২০২৪-২০৩৫ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী এই অঞ্চলটিকে পরিবেশবান্ধব উন্নয়নের একটি জাতীয় আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় স্বল্প-কার্বন ও উচ্চমানের উন্নয়নের পাশাপাশি বিশ্বমানের ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি এবং উচ্চ-মূল্যসংযোজিত শিল্প আকর্ষণে জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে চলতি বছর একটি হালনাগাদ কর্মপরিকল্পনাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বর্তমানে এ শহরে শিল্প ও প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণ ঘটছে। এখানকার ন্যাশনাল অ্যানিমেশন ইন্ডাস্ট্রি পার্কে অ্যানিমেশন ও চলচ্চিত্র, ডিজিটাল গেমস, শর্ট-ড্রামা এবং ডিজিটাল সাংস্কৃতিক পণ্য নিয়ে কাজ করা প্রায় ২ হাজার প্রতিষ্ঠান একটি পূর্ণাঙ্গ শিল্প শৃঙ্খল গড়ে তুলেছে। এর মধ্যে ‘থিয়েনচিন এমডগ অ্যানিমেশন স্টুডিও’ ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তিনির্ভর প্রকল্প নিয়ে ভিয়েতনাম, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বাজারে কাজ করছে।

এ ছাড়া ফোটনিক চিপস ও ইন্টিগ্রেটেড সার্কিট টেস্টিং সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল বিগ ডেটা সেবাসহ স্বাস্থ্যসেবা খাতে ১৭০টিরও বেশি প্রতিষ্ঠান এখানে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামোর অংশ হিসেবে সম্প্রতি বায়োমেডিসিন ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ডিস্ট্রিবিউটেড সৌরবিদ্যুৎ প্রকল্প জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

প্রশাসনিক কমিটির প্রধান লি লং বলেন, মূল লক্ষ্য ও অবস্থানে অটল থেকে ইকো-সিটিকে একটি আধুনিক ও জনকেন্দ্রিক শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সিএমজি

Tianjin Eco-City Green Innovation Park Masterplan | DP Architects | World  Design Awards 2025 – The Architecture Community

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *