সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাকাওয়ে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন - Mati News
Saturday, November 14

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাকাওয়ে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

নভেম্বর ১২: গতকাল (বৃহস্পতিবার) চীনের ম্যাকাও সাংস্কৃতিক কেন্দ্রে ‘ম্যাকাও থেকে সূচনা—সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনী’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করা হয়েছে।
এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা, সামাজিক অগ্রগতি ও জনগণের সুখের জন্য সুন ইয়াত-সেনের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হচ্ছে। তার বিপ্লবী চেতনা ও মহান চারিত্রিক গুণাবলি তুলে ধরার পাশাপাশি ‘চীনকে পুনরুজ্জীবিত করা’ ও ‘বিশ্ব সকলের’—এই আদর্শ এগিয়ে নেওয়াই আয়োজনের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী ছেন হাও হুই, ম্যাকাওয়ে চীনের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ কার্যালয়ের পরিচালক জেং সিন ছোং, ম্যাকাওয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনার পিয়ান লি সিন এবং চীনের গণমুক্তি ফৌজের ম্যাকাও গ্যারিসনের কমান্ডার ছেন ওয়েন শেংসহ অন্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে ছেন হাও হুই বলেন, ম্যাকাওয়ের সঙ্গে সুন ইয়াত-সেনের গভীর ও বিশেষ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ম্যাকাও ছিল তার বিশ্বভ্রমণের একটি গুরুত্বপূর্ণ সূচনাস্থল, জাতিকে রক্ষার প্রচেষ্টায় প্রথম যাত্রাবিরতি, প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রণয়নের স্থান, বিপদের সময় নিরাপদ আশ্রয় এবং পারিবারিক বন্ধনের এক বিশেষ ঠিকানা।
তিনি বলেন, সুন ইয়াত-সেনকে স্মরণ করার সবচেয়ে ভালো উপায় হলো তার অমূল্য চেতনাকে ধারণ করা এবং চীনের পুনরুজ্জীবনের জন্য নিরলস প্রচেষ্টা চালানো। নতুন এই ঐতিহাসিক সন্ধিক্ষণে সুন ইয়াত-সেন ও অন্যান্য বিপ্লবী পথিকৃৎদের দেশপ্রেম বিষয়ক চিন্তাধারা, বিপ্লবী সংকল্প ও উদ্যোগী চেতনাকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ‘দেশপ্রেমিকদের দ্বারা ম্যাকাও শাসিত’ নীতি বাস্তবায়ন এবং ম্যাকাওকে আরও সমৃদ্ধ ও স্থিতিশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীটি পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছে। এতে ‘ম্যাকাওয়ের চিং হু হাসপাতাল ও সুন ইয়াত-সেন পরিবারের সম্পর্ক’ শীর্ষক একটি বিশেষ বিভাগও রয়েছে। শতাধিক মূল্যবান ঐতিহাসিক নিদর্শন, আলোকচিত্র, লিখিত দলিল, ভিডিও ও অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে প্রদর্শনীতে সুন ইয়াত-সেনের ঘটনাবহুল জীবনচিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *