নভেম্বর ২৩: হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের ২০২৬ সালের নির্বাচন কমিটির বিভিন্ন খাতের উপগোষ্ঠীর সাধারণ নির্বাচন গত ২২ নভেম্বর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ২৩ নভেম্বর দেওয়া বিবৃতিতে বলেন, হংকংয়ের নির্বাচনী ব্যবস্থা উন্নত করার পর এটি ছিল দ্বিতীয় নির্বাচন কমিটির আয়োজিত নির্বাচন। এ নির্বাচন নতুন নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি ও শ্রেষ্ঠত্বকে আরও স্পষ্ট করেছে এবং হংকংয়ের বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ উচ্চমানের গণতন্ত্রের নতুন চিত্র তুলে ধরেছে।
মুখপাত্র উল্লেখ করেন, এই নির্বাচন আবারও প্রমাণ করেছে যে নতুন নির্বাচনী ব্যবস্থায় ব্যাপক প্রতিনিধিত্ব, রাজনৈতিক অন্তর্ভুক্তি, ভারসাম্যপূর্ণ অংশগ্রহণ এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অর্থেই ‘যোগ্য ও সক্ষম ব্যক্তিদের নির্বাচিত করার’ লক্ষ্য বাস্তবায়িত হয়েছে।
প্রার্থীদের উৎস ছিল বৈচিত্র্যময়। তারা সমাজের সব স্তর, খাত ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছেন। তাদের মধ্যে ছিলেন শিল্পক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্ব ও বিভিন্ন খাতের উদীয়মান প্রতিভা; স্থানীয়ভাবে জন্ম নেওয়া ‘পুরনো হংকংবাসী’ এবং মূল ভূখণ্ড ও বিদেশ থেকে হংকংয়ে এসে উন্নয়নে যুক্ত হওয়া ‘নতুন হংকংবাসী’; চীনা ও হংকংয়ের পুঁজির প্রতিনিধি এবং বিদেশি পুঁজির প্রতিনিধি; ঐতিহ্যবাহী শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তি এবং উদীয়মান খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব; পাশাপাশি পুরো হংকংয়ে পরিচিত ব্যক্তিত্ব ও তৃণমূল পর্যায়ে কাজ করা কমিউনিটি সেবাকর্মীরা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচিত সদস্য রয়েছেন এমন ৩৬টি খাতভিত্তিক উপগোষ্ঠীর মধ্যে ৩১টিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আগের মেয়াদের তুলনায় ১৮টি বেশি। মোট ৮৫৬ জন বৈধভাবে মনোনীত প্রার্থী ৭২৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা দেখা গেছে। তারা নিজ নিজ খাত, সংগঠন ও সাধারণ মানুষের কাছে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচার চালিয়েছেন।
জাতীয় ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সঙ্গে সমন্বয়, হংকংয়ের প্রথম পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়ন, উত্তর মহানগর অঞ্চলের নির্মাণ ত্বরান্বিত করা এবং শিল্পের রূপান্তর ও আধুনিকায়ন এগিয়ে নেওয়াসহ হংকংয়ের উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা গুরুত্ব দিয়েছেন।
বিভিন্ন খাতের ভোটাররা প্রার্থীদের সঙ্গে গভীরভাবে মতবিনিময় করেছেন, আন্তরিকভাবে পরামর্শ দিয়েছেন এবং দায়িত্বশীলতার সঙ্গে ভোট দিয়েছেন। নির্বাচনে ভোটদানের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৭৯ শতাংশে।
মুখপাত্র বলেন, এই নির্বাচনের সফল সমাপ্তি প্রমাণ করে যে নতুন নির্বাচনী ব্যবস্থার পরিচালনা আরও পরিপক্ক হয়েছে। একই সঙ্গে হংকংয়ের বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ উচ্চমানের গণতন্ত্র গড়ে তোলার বিষয়ে মানুষের সংকল্প ও আস্থা আরও দৃঢ় হয়েছে।
নতুন নির্বাচনী ব্যবস্থা চালুর পর থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সফলভাবে ২০২১ সালের নির্বাচন কমিটি নির্বাচন, সপ্তম মেয়াদের আইন পরিষদ নির্বাচন, ষষ্ঠ মেয়াদের প্রধান নির্বাহী নির্বাচন, অষ্টম মেয়াদের আইন পরিষদ নির্বাচন এবং সর্বশেষ এই নির্বাচন কমিটি নির্বাচন আয়োজন করেছে।
এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নস্বার্থ রক্ষা এবং হংকংয়ের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখার বিশ্বাস ও সংকল্প আরও দৃঢ় হয়েছে।
‘দেশপ্রেমিকদের দ্বারা হংকং শাসন’—এই মৌলিক নীতি সর্বাত্মকভাবে বাস্তবায়িত হয়েছে। যুক্তিসংগত, ন্যায্য ও সুশৃঙ্খল নির্বাচনী সংস্কৃতিও ক্রমে গড়ে উঠেছে। পাশাপাশি ‘অর্থনীতি চাঙ্গা করা, উন্নয়নের পরিকল্পনা করা, জনগণের জীবনমান উন্নত করা এবং সংস্কার ত্বরান্বিত করা’—এই সামাজিক ঐকমত্য আরও সুসংহত হয়েছে।
মুখপাত্র বলেন, বাস্তবতা বারবার প্রমাণ করেছে যে নতুন নির্বাচনী ব্যবস্থা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি এবং হংকংয়ের বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ একটি কার্যকর ব্যবস্থা। এটি হংকংয়ের গণতন্ত্রের সুস্থ বিকাশে সহায়ক এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাস্তবায়নকে দৃঢ়ভাবে ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা দেয়।
একই সঙ্গে হংকংয়ে সুশাসন প্রতিষ্ঠা এবং শাসনব্যবস্থার উন্নতির মাধ্যমে সমৃদ্ধি অর্জনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এ ব্যবস্থা শক্তিশালী সহায়তা জুগিয়েছে। তাই এ ব্যবস্থাকে আরও বেশি মূল্যায়ন করা এবং দৃঢ়ভাবে বাস্তবায়ন করা উচিত।
মুখপাত্র শেষে জোর দিয়ে বলেন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং এর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন মেয়াদের নির্বাচন কমিটির সদস্যরা দেশপ্রেম ও হংকংয়ের প্রতি ভালোবাসার মূল চেতনা ধারণ করবেন এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি সর্বাত্মকভাবে, সঠিকভাবে ও অবিচলভাবে বাস্তবায়ন করবেন।
দেশ ও হংকংয়ের প্রতি উচ্চ দায়িত্ববোধ থেকে তারা গণতান্ত্রিক অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন, নিজেদের সক্ষমতা ও প্রভাবের পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং সমাজের সব স্তরকে ঐক্যবদ্ধভাবে পরিচালিত করবেন।
পাশাপাশি প্রধান নির্বাহী ও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারকে আইন অনুযায়ী শাসন পরিচালনায় পূর্ণ সমর্থন জানাবেন, বিশেষ প্রশাসনিক অঞ্চলের শাসনক্ষমতা ও কার্যকারিতা ক্রমাগত উন্নত করবেন এবং প্রথম পাঁচসালা পরিকল্পনা যৌথভাবে সফলভাবে বাস্তবায়ন করবেন। হংকংকে জাতীয় উন্নয়নের সামগ্রিক ধারায় আরও ভালোভাবে যুক্ত করা ও সেই উন্নয়নে অবদান রাখার মাধ্যমে বৃহত্তর অগ্রগতি অর্জনে তারা ভূমিকা রাখবেন। একই সঙ্গে শক্তিশালী দেশ গঠন এবং জাতীয় পুনরুত্থানের লক্ষ্যে আরও বড় অবদান রাখবেন।
সিএমজি



















