বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আয়েশা আক্তার। তিনি বলেছেন, চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
আয়েশা আক্তার বলেন, গত এক দশকে বাংলাদেশ ও চীনের সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে অবকাঠামো ও বিভিন্ন উন্নয়ন খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাক ও বস্ত্রশিল্প। এ খাতের কাঁচামালের বড় একটি অংশ চীন থেকে আমদানি করতে হয়। তাই শুধু আমদানির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশে বস্ত্র ও পোশাকশিল্পের বিভিন্ন পর্যায়ে চীনা বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশে টেক্সটাইল, সুতা, কাপড় এবং রপ্তানিমুখী পণ্য উৎপাদনকারী শিল্পে চীনা বিনিয়োগকে স্বাগত জানায় সরকার। এতে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমদানিনির্ভরতা কমিয়ে বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।
আগামী দশকের সহযোগিতার অগ্রাধিকার তুলে ধরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেন। এগুলো হলো রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে পণ্যের গুণগত মান বাড়ানো।
তিনি বলেন, বাংলাদেশের প্রকৌশলী ও শিল্পসংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা বাড়াতে চীনের প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি উন্নত প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে উচ্চমূল্যের পণ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর সুযোগ রয়েছে।
আয়েশা আক্তার বলেন, বিআরআইয়ের প্রথম দশকে বাংলাদেশ ও চীন সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। আগামী দশকে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে।
ব্লু পেপার প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও গবেষকদের জন্য এ গবেষণাপত্র ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের জন্য চীনা দূতাবাস ও সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
তথ্য ও ছবি- সিএমজি





















