হংকংয়ের নির্বাচন কমিটির ৭২৩ আসনেই সদস্য নির্বাচিত - Mati News
Monday, November 23

হংকংয়ের নির্বাচন কমিটির ৭২৩ আসনেই সদস্য নির্বাচিত

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) নির্বাচন কমিটির উপখাত-ভিত্তিক সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঘোষিত এ ফলাফলে ৩১টি উপখাতের ৭২৩টি আসনই পূরণ হয়েছে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৫৬ জন প্রার্থী।

নির্বাচনী ব্যবস্থার আওতায় ৩৪১ জনকে নির্বাচন কমিটির পদাধিকারবলে সদস্য হিসেবে বৈধভাবে নিবন্ধিত বলে নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ১৫৬ জনকে বৈধভাবে মনোনীত সদস্য হিসেবে নিশ্চিত করা হয়। অন্যদিকে, ২৫৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৭২৩টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৫৬ জন প্রার্থী।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর একই দিন সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এইচকেএসএআরের প্রধান নির্বাহী জন লি বলেন, “এ নির্বাচন দায়িত্বশীল, যোগ্য ও গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম দেশপ্রেমিকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার চিত্র তুলে ধরেছে। একইসঙ্গে ‘দেশপ্রেমিকদের হংকর পরিচালনা’ নীতির আওতায় গণতান্ত্রিক উন্নয়নের ইতিবাচক দিকও এতে প্রতিফলিত হয়েছে।“

জন লি আশা প্রকাশ করেন, এ নীতি অনুসরণ করে নির্বাচন কমিটির সব সদস্য নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির স্থিতিশীল ও ধারাবাহিক বাস্তবায়নে অবদান রাখবেন।

এইচকেএসএআরের নির্বাচনী ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন কমিটি। এইচকেএসএআর বেসিক ল’-এর সংযোজনী ১ ও ২ অনুযায়ী, ১ হাজার ৫০০ সদস্যের এই কমিটি প্রধান নির্বাহী পদে মনোনীত প্রার্থী নির্বাচন এবং এইচকেএসএআরের লেজিসলেটিভ কাউন্সিলের (লেগকো) কিছু সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করে। এছাড়া প্রধান নির্বাহী ও লেগকো সদস্য পদের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার দায়িত্বও এ কমিটির।

নতুন নির্বাচন কমিটি ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০৩২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *