হাইতির রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির আহ্বান চীনের - Mati News
Wednesday, November 11

হাইতির রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির আহ্বান চীনের

হাইতির রাজনৈতিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠা, নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জীবনমান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বেইজিং।

সোমবার হাইতি পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত সভায় দেওয়া ভাষণে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এ আহ্বান জানান।

ফু ছোং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হাইতির রাজনৈতিক রূপান্তর ধীরগতিতে এগিয়েছে। বারবার নির্বাচন স্থগিত হওয়ায় দেশটির জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে হাইতির কর্তৃপক্ষ ও সব রাজনৈতিক দলকে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জরুরি ভিত্তিতে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, হাইতিতে সহিংস অপরাধ অব্যাহত রয়েছে। অপরাধী গোষ্ঠীগুলো নিজেদের পুনর্গঠিত ও বিস্তৃত করছে। এসব গোষ্ঠীর সহিংসতা এবং নিরাপত্তা অভিযান—উভয় ক্ষেত্রেই বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

ফু ছোং বলেন, আন্তর্জাতিক সহায়তার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত হাইতিকে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম করে তোলা। এ ক্ষেত্রে দেশটির কর্তৃপক্ষকে প্রধান দায়িত্ব পালন করতে হবে, নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে এবং কার্যকর নিরাপত্তা কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনগণের নিরাপত্তা রক্ষায় আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চীন হাইতির ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। ফু ছোং সদস্য দেশগুলোর প্রতি, বিশেষ করে যেসব দেশ থেকে হাইতিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়, তাদের প্রস্তাব অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান। অস্ত্র নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়নে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া এবং অপরাধী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বন্ধ করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

চীনা প্রতিনিধি বলেন, হাইতির কর্তৃপক্ষকে শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং বিভিন্ন খাতের সম্পদ সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে অপরাধী গোষ্ঠীগুলোর নতুন সদস্য সংগ্রহের সুযোগ কমানো এবং মানুষের জীবনধারণ ও উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হবে। সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *