ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বুধবার (২৬ আগস্ট) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী অমরেন্দ্র নাথ ভৌমিক এবং তাঁর স্ত্রী ৬০ বছর বয়সী মিনা ভৌমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ ভৌমিক বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর জন্য ইলেকট্রিক মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেশিনের মোটরের সঙ্গে আটকে যান। স্বামীকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই এই করুণ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন তিনি। প্রবীণ এই দম্পতির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















