যশোরের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ৮০টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, পাচারকারী চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















