নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাও মাওমিং। সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
নেপালের প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে নেপাল ও চীনের মধ্যে বিভিন্নখাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুই দেশের উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, নেপাল-চীন সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং চলমান উন্নয়ন অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
সূত্র: সিএমজি




















