চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।
চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র পেরিয়ে চীনের বাজারে প্রবেশ করছে।
চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আফ্রিকা থেকে চিনাবাদাম, হিমায়িত স্ট্রবেরি ও অ্যাভোকাডো আমদানির আর্থিক মূল্য, গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪.৪ গুণ, ১১৩ শতাংশ ও ৮২ শতাংশ বেড়েছে। চীন এখন মিশরের হিমায়িত স্ট্রবেরির সবচেয়ে বড় রপ্তানি-বাজার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেকান বাদামের মোট রপ্তানির ৯০ শতাংশই যাচ্ছে চীনে।
চীনের হুপেই প্রদেশের এ্য চৌ শহরের হুয়াহু আন্তর্জাতিক বিমানবন্দরে, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে আসা একটি কার্গো বিমান অবতরণ করেছে। চলতি বছর এ্য চৌ–আদ্দিস আবাবা কার্গো রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে সাতটিতে উন্নীত করা হয়েছে। প্রথম নয় মাসে এ রুটে মোট ৪৫৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি।
চলতি বছর চীনের ইয়ানতাই বন্দরের চীন-আফ্রিকা সাধারণ পণ্যবাহী জাহাজ চলাচল রুটে, পণ্য পরিবহনের পরিমাণ ৮০ লাখ টন ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯৩ শতাংশ বেশি। রুটটি চালুর পর এটাই সর্বোচ্চ রেকর্ড। আফ্রিকাগামী এ রুটে প্রতিমাসে গড়ে ৩০টিরও বেশি জাহাজ চলাচল করছে। এর মাধ্যমে আফ্রিকার ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে।
সূত্র: সিএমজি













