স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটকে নতুন যুগের সূচনা, শাংহাইয়ে সিএমজির জাতীয় সম্মেলন - Mati News
Tuesday, October 20

স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটকে নতুন যুগের সূচনা, শাংহাইয়ে সিএমজির জাতীয় সম্মেলন

 

চীনের শাংহাইয়ের পুতোং অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) জাতীয় স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক সম্মেলন। রোববারের এ আয়োজনে সমৃদ্ধ বিষয়বস্তু ও বৈচিত্র্যময় ধারার বেশ কয়েকটি উচ্চমানের নাটক তুলে ধরা হয়। জীবনঘনিষ্ঠ ও উৎকৃষ্ট নাট্যকর্মের ধারাবাহিক বিকাশে গতি সঞ্চারের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহযোগিতা জোরদার করা ছিল এ আয়োজনের লক্ষ্য।

সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজির সভাপতি শেন হাইসিয়োং। এ সময় জননিরাপত্তা মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের পরিচালক চিয়া লিচুন, শাংহাই পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও প্রচার বিভাগের মন্ত্রী চাও চিয়ামিং, শাংহাই পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও পুতোং নিউ এরিয়া কমিটির সচিব লি চেং এবং চীনা প্রকৌশল একাডেমির সদস্য থান চিয়ান রোংয়ের সঙ্গে তিনি যৌথভাবে ‘সিএমজি জাতীয় স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক উৎকর্ষ সহ-সৃষ্টি পরিকল্পনা’ উদ্বোধন করেন।

লি চেং বলেন, ডিজিটাল যুগে স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক জনপ্রিয় শিল্পের একটি নতুন ধারা, সাংস্কৃতিক বিনোদনের নতুন মাধ্যম এবং চীনের কণ্ঠস্বর বিশ্বে পৌঁছে দেওয়ার আধুনিক বাহন। বিশ্বের সামনে চীনের একটি গুরুত্বপূর্ণ জানালা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ তথ্যভান্ডার, কম্পিউটিং সক্ষমতা এবং দৃশ্যমান উপকরণ তৈরির মতো অত্যাধুনিক প্রযুক্তিকে একত্র করেছে পুতোং। পাশাপাশি, স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক রপ্তানির জন্য দেশটির প্রথম জাতীয় কেন্দ্রও এখানে প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, পুতোংয়ে সিএমজির এ আয়োজন শাংহাইয়ের শতবর্ষের চলচ্চিত্র ও টেলিভিশন ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার পাশাপাশি পুতোংয়ের ডিজিটাল অডিওভিজুয়াল শিল্পের বিকাশে আস্থা ও সমর্থনেরও প্রকাশ।

সিএমজির সম্পাদকীয় বোর্ডের সদস্য চিয়াং হাই ছিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিএমজি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন ও অনুসরণের মাধ্যমে ধারাবাহিকভাবে উচ্চমানের অনুষ্ঠান ও নাটক নির্মাণ করেছে। ‘ওয়াচ সিএমজি’স ড্রামাস’ ব্র্যান্ডটি দর্শকদের মধ্যে উল্লেখযোগ্য পরিচিতি ও সুনাম অর্জন করেছে।

তিনি বলেন, স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক আকারে ছোট হলেও এর বক্তব্য গভীর। এসব নাটকে মানুষের আবেগ, সময়ের স্পন্দন এবং চেতনার শক্তি ফুটে ওঠে। জাতীয় পর্যায়ের মূলধারার গণমাধ্যম হিসেবে সিএমজি এই সম্মেলনের মাধ্যমে নিজস্ব সম্প্রচারমাধ্যম, বিষয়বস্তু ও প্রচারের সুবিধাকে কাজে লাগাবে বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *