গরমে নাজেহাল হয়েই বুদ্ধি কম ভারতীয়দের : ডায়েরিতে আইনস্টাইন
সাত দশক আগের কথা। পেনসিলভ্যানিয়ার লিঙ্কন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হচ্ছেন কয়েক জন কৃষ্ণাঙ্গ পড়ুয়া। মার্কিন মুলুকে এমন ঘটনা সেই প্রথম। ঐতিহাসিক সেই অনুষ্ঠানে অতিথি আলবার্ট আইনস্টাইন। নোবেলজয়ী বিজ্ঞানী তাঁর বক্তৃতায় বলেছিলেন, ‘‘বর্ণবিদ্বেষ শ্বেতাঙ্গদের একটা অসুখ।’’ ১৯৪৬ সালের আইনস্টাইনের সেই উক্তি ক্রমে ক্রমে প্রবচনের মর্যাদা পেয়েছে। আর এই উক্তির জন্য বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মেধাকে কুর্নিশ জানিয়েছে বর্ণবিদ্বেষ-িবরোধী দুনিয়া।
কিন্তু, এই আইনস্টাইনই, তাঁর সাড়া জাগানো বক্তৃতার দু’দশক আগে, নিজস্ব দিনলিপিতে এমন সব কথা লিখেছিলেন, যা থেকে মনে হবে, তিনি নিজেও ‘শ্বেতাঙ্গদের সেই অসুখে’ ভুগতেন।
‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র একটি বিশেষ দল কয়েক বছর ধরে আইনস্টাইনের গবেষণাপত্র, ব্যক্তিগত চিঠি এবং ডায়েরি নিয়ে কাজ করছে। ‘আইনস্টাইন পেপার প্রজেক্ট’ নামে সেই উদ্যোগের অন্যতম কর্তা জ়িভ রোজ়েন...














