আফরিন মিম
১৯৯০ সালে চীনের ফুচিয়ান প্রদেশে জন্ম নেওয়া ছেন ছুনছেং-এর শুরুটা ছিল আর দশটা সাধারণ শিক্ষার্থীর মতোই। বিজ্ঞানের ছাত্র হিসেবে পড়াশোনা শেষ করে ভর্তি হন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষে যোগ দেন মেট্রোরেল নির্মাণ প্রকল্পে। কিন্তু ইট-পাথরের ধূসর নির্মাণক্ষেত্রের চেয়ে তার মন ব্যাকুল থাকত কল্পনার নীল আকাশে।
২০১৪ সালে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিকে বিদায় জানিয়ে তিনি যোগ দেন একটি বোটানিক্যাল গার্ডেনে। শান্ত ও স্নিগ্ধ এই পরিবেশেই সূচনা হয় তার জাদুকরী সাহিত্য যাত্রার।

২০১৯ সালে তার লেখা ছোটগল্প ‘দ্য মিউজিশিয়ান’ এবং ২০২০ সালে প্রথম গল্পসংকলন ‘দ্য সাবমেরিন অ্যাট নাইট’ প্রকাশের পরপরই সাহিত্যবিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। বইটি জিতে নেয় ‘এশিয়া উইকলি’র বছরের সেরা দশ উপন্যাসের খেতাব এবং সম্মানজনক ‘ব্ল্যাঙ্কপেইন আইডিয়াল নেশন লিটারেচার প্রাইজ’-এর শীর্ষ পুরস্কার।
বিখ্যাত চাইনিজ লেখক ইউ হুয়া বলেন,”ছেন ছুনছেং-এর কল্পনা যেমন সমৃদ্ধ, বাস্তবতার চিত্রায়ণও ঠিক ততটাই শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। একজন তরুণ লেখক হিসেবে তার সম্ভাবনা আকাশের মতো অসীম।”
ছেন ছুনছেং-এর লেখার মূল শক্তি হলো তার অসীম কল্পনাশক্তি এবং ক্লাসিক্যাল চীনা ঐতিহ্যের সাথে আধুনিক পরাবাস্তবতার নিখুঁত মেলবন্ধন। পরবর্তী বছরগুলোতে ‘স্নো মাউন্টেন গ্রেট মাস্টার’, ‘অটাম ওয়াটার’ এবং ‘দ্য হাম অফ দ্য সাউদার্ন ডাইনাস্টি’—এর মতো কালজয়ী সৃষ্টি দিয়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা নিজের ঝুলিতে পুরেছেন তিনি।
অবাস্তব ও অতিপ্রাকৃতকে অতি সাধারণ ও জীবন্ত করে ফুটিয়ে তোলার এই দুর্লভ সমীকরণই ছেন ছুনছেং-কে এনে দিয়েছে বর্তমান চীনা সাহিত্যের অন্যতম দ্যুতিময় নক্ষত্রের স্বীকৃতি।
সূত্র: সিএমজি বাংলা



















