ব্রাজিলের পারানায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের প্রাণহানি - Mati News
Thursday, September 10

ব্রাজিলের পারানায় বাস-লরি সংঘর্ষে ২৩ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে এবং দুর্ঘটনায় লরির চালকও মারা গেছেন। এ ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার শিকার মিনিবাসটি ইমবিতুভা শহরের স্বাস্থ্য বিভাগের ছিল। এতে রোগী ও তাদের স্বজনরা চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ৬০ কিলোমিটার দূরের পন্তা গ্রোসা শহরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে ফেডারেল মহাসড়ক পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা উদ্ধারকাজ পরিচালনা করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত উদ্বেগের বিষয়। বিশ্বব্যাংকের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ওই বছর সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং চালকদের মুঠোফোন ব্যবহারের প্রবণতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটির সড়ক দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশ মোটরসাইকেল আরোহী হয়ে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *