লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তাহির বাওর ৩০শে আগস্ট ত্রিপোলিতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দু’পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। একই দিনে ত্রিপোলিতে সিরিয়ার দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করেছে।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ বছর বন্ধ থাকার পর ত্রিপোলিতে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু হওয়ায় কূটনৈতিক যোগাযোগ জোরদার হবে এবং কনস্যুলার সেবা সহজতর হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে ‘লিবিয়া-সিরিয়া যৌথ উচ্চ কমিটি’ চালু করার প্রক্রিয়াও আলোচনা হয়েছে, যা অর্থনীতি-সহ বিভিন্ন খাতে উভয় পক্ষের মধ্যে বিস্তৃত সহযোগিতার পথ সুগম করবে।
আল-শিবানির এই সফরটি ১৪ বছরের মধ্যে সিরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তার লিবিয়া সফর। দু’দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার জন্য যৌথ প্রচেষ্টা চালাচ্ছে এবং দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতের সহযোগিতা সম্প্রসারণের চেষ্টা করছে।
২০১২ সালে, লিবিয়ার তত্কালীন শাসক ‘জাতীয় পরিবর্তন কাউন্সিল’ সিরিয়ার প্রধান বিরোধী দল ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলকে’ সিরীয় জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়, এরপর ত্রিপোলিতে সিরিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া হয়।




















