চীনের বিশাল বাজার বৈশ্বিক বাণিজ্যের নতুন সম্ভাবনা - Mati News
Friday, November 20

চীনের বিশাল বাজার বৈশ্বিক বাণিজ্যের নতুন সম্ভাবনা

চীন আমদানি সম্প্রসারণ অব্যাহত রাখায় দেশটির বিশাল অভ্যন্তরীণ বাজার ও ধারাবাহিক চাহিদা বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করছে। সাম্প্রতিক তথ্য ও বাণিজ্য বিশেষজ্ঞদের বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

সম্প্রতি পেরুর ছানছে বন্দর থেকে প্রথমবারের মতো তাজা কলার একটি চালান শাংহাইয়ে পৌঁছেছে। দুই বন্দরের মধ্যে চালু হওয়া নতুন সমুদ্রপথ দক্ষিণ আমেরিকা থেকে চীনে পণ্য পরিবহনের সময় এক-তৃতীয়াংশ কমিয়েছে।

এদিকে, হুবেই প্রদেশের মধ্যাঞ্চলীয় শহর ইচৌয়ে অবস্থিত চীনের বিমান কার্গো পরিবহন কেন্দ্রে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রতিদিন পূর্ণ পণ্যবোঝাই কার্গো বিমান অবতরণ করছে। আদ্দিস আবাবা-ইচৌ কার্গো রুটে এখন সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। চলতি বছরের প্রথম নয় মাসে এ রুটে কার্গো ফ্লাইটের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

হুবেই আন্তর্জাতিক লজিস্টিকস কো. লিমিটেডের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক ইয়ুয়ি পিন বলেন, ‘তাজা ফুলের মতো পণ্য দ্রুত পরিবহন করা প্রয়োজন। ফ্লাইটের সংখ্যা বাড়ায় তাজা ফুল ও কফি বিনের মতো পণ্য আরও সহজে চীনের বাজারে প্রবেশ করতে পারছে।‘

চলতি বছরের শুরু থেকে বিশ্বের বিভিন্ন দেশের মানসম্পন্ন পণ্যের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে দেশটিতে প্রায় ১০০টি বিশেষ বাণিজ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত আফ্রিকা থেকে চীনের আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশের বেশি বেড়েছে।

আমদানি বৃদ্ধি চীনের অভ্যন্তরীণ শিল্পের রূপান্তর ও উন্নয়নে সহায়তা করছে। একই সঙ্গে এটি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের আমদানিকৃত পণ্যের মূল্য দাঁড়িয়েছে ১৬.৭ ট্রিলিয়ন ইউয়ান, যা প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ। একই সময়ে রপ্তানি প্রবৃদ্ধির চেয়ে আমদানির প্রবৃদ্ধি ৫.৯ শতাংশীয় পয়েন্ট বেশি। ২০২১ সালের পর এটিই আমদানির সর্বোচ্চ প্রবৃদ্ধি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *