নভেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রবীণদের সমস্যা মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করার জাতীয় কৌশল বাস্তবায়ন করতে এবং বয়স্ক ব্যক্তিদের জন্য আরও সুখী ও পরিপূর্ণ জীবন নিশ্চিত করতে, আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। সম্প্রতি তিনি প্রবীণদের যত্নবিষয়ক সাম্প্রতিক এক নির্দেশনায় এই আহ্বান জানান।
তিনি বলেন, সিপিসি-র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, চীন বার্ধক্য সমস্যা মোকাবিলায় নতুন অগ্রগতি অর্জন করেছে এবং বয়স্কদের পরিষেবা ও সেবা শিল্প উভয়ই দ্রুত গতিতে বিকশিত হয়েছে।
তিনি সরকার, বাজার, সমাজ ও পরিবারের মধ্যে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব এবং বয়স্কদের জন্য সামাজিক নিরাপত্তা, পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক অংশগ্রহণ আরও জোরদার করার ওপর জোর দেন।
তিনি ‘সিলভার ইকোনমি’ বা ‘প্রবীণ অর্থনীতি’ শক্তিশালী করা এবং একটি প্রবীণ-বান্ধব সমাজ গড়ার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
সি চিন পিংয়ের এই নির্দেশনা, বেইজিংয়ে বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ধক্যবিষয়ক এক জাতীয় সভায় জানানো হয়। প্রধানমন্ত্রী লি ছিয়াং সভায় উপস্থিত ছিলেন এবং ভাষণ দেন।
লি ছিয়াং ক্রমবর্ধমান প্রবীণ জনসংখ্যার সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন; এই জনতাত্ত্বিক পরিবর্তন মোকাবিলায় চীনের অনন্য সুবিধাগুলো সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন থাকতে এবং এই ক্ষেত্রে কাজকে এগিয়ে নিতে আরও দৃঢ় দায়িত্ববোধ ও বৃহত্তর সক্রিয়তার সাথে কাজ করতে বলেন।
তিনি বলেন, বয়স্ক ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে, তাদের উন্নত জীবনের চাহিদা মেটাতে এবং বয়স্ক ব্যক্তি-সম্পর্কিত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালনে প্রচেষ্টা চালানো উচিত। সিএমজি


















