
নভেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) বিকেলে শেনচেনে, পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। ফুজিমোরি এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে যোগ দিতে চীনে আসেন।
বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর চীন ও পেরু’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। চীন টানা ১২ বছর ধরে পেরু’র বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম রপ্তানি-গন্তব্য। চীন-পেরু অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেড প্রটোকল দু’সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
তিনি আরও বলেন, নতুন ঐতিহাসিক আরম্ভ-বিন্দুতে চীন পেরুর সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে, আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক।
জবাবে কেইকো ফুজিমোরি বলেন, তাঁর দেশ চীনা জনগণকে সাথে নিয়ে সিপিসি-র অর্থনৈতিক উন্নয়নে অর্জিত মহান সাফল্যের উচ্চ মূল্যায়ন করে। পেরু ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে।
তিনি আরও বলেন, উচ্চ পর্যায়ের আদান-প্রদান ঘনিষ্ঠতর করে এবং অবাধ বাণিজ্য চুক্তির আপগ্রেডকে কাজে লাগিয়ে, দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা ত্বরান্বিত করতে চায় তাঁর দেশ। তা ছাড়া, আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে পেরুতে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠায় আহ্বান জানায় তাঁর সরকার। পেরু চীনের সাথে শিক্ষা ও সংস্কৃতি খাতে বিনিময় বাড়াতে এবং পার্টি-পার্টি বিনিময় জোরদার করতে চায় বলেও জানান তিনি। (প্রেমা/আলিম/ছাই)
















