অ্যান্টার্কটিকার পথে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’ - Mati News
Sunday, November 22

অ্যান্টার্কটিকার পথে চীনের গবেষণা জাহাজ ‘সুয়েলং’

দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে অ্যান্টার্কটিকার হিমশীতল জলরাশিতে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে চীনের গবেষণা ও বরফভাঙা জাহাজ ‘সুয়েলং’। দেশটির ৪৩তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার হোবার্ট বন্দর থেকে প্রয়োজনীয় রসদ ও জ্বালানি সংগ্রহ শেষে শুক্রবার অ্যান্টার্কটিকায় অবস্থিত চীনের চোংশান স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করেছে জাহাজটি।

গত ৩ নভেম্বর চীনের শাংহাই বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল সুয়েলংয়ের এবারের অভিযান। টানা ৫ হাজার ৪০৩ নটিক্যাল মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে জাহাজটি দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের হোবার্ট বন্দরে নোঙর ফেলে।

পূর্ব অ্যান্টার্কটিকায় যাওয়ার নৌপথে সর্বদক্ষিণে অবস্থিত সুগঠিত গভীর সমুদ্রবন্দর হিসেবে হোবার্টের কৌশলগত ও লজিস্টিক গুরুত্ব অপরিসীম। মেরু অঞ্চলের বৈজ্ঞানিক অভিযানে প্রয়োজনীয় রসদ সরবরাহ ও কারিগরি সহায়তার পূর্ণাঙ্গ অবকাঠামো রয়েছে এই বন্দরে।

হোবার্টে তিন দিনের যাত্রাবিরতিতে অভিযানের পরবর্তী ধাপের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এ সময় অভিযাত্রী দলটি দীর্ঘ সময়ের জীবনযাত্রার প্রয়োজনীয় সামগ্রী এবং বৈজ্ঞানিক গবেষণার সূক্ষ্ম ও খুচরা যন্ত্রাংশ জাহাজে তোলে।

একই সঙ্গে, অ্যান্টার্কটিকায় অবস্থানরত চোংশান স্টেশনের গ্রীষ্মকালীন কর্মী এবং বিমান পরিচালনা দলের সদস্যদের রদবদল কার্যক্রমও এখানে সম্পন্ন করা হয়। নতুন দলটি স্টেশনে গিয়ে আগের দলের স্থলাভিষিক্ত হবে।

হোবার্ট বন্দর ত্যাগের পর সুয়েলংয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ—দক্ষিণ গোলার্ধের উত্তাল পশ্চিমা বায়ুবলয় অতিক্রম করা। এবারের অভিযানে প্রথমবারের মতো এই প্রতিকূল জলপথ পাড়ি দেবে জাহাজটি। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ডিসেম্বরের শুরুতেই অ্যান্টার্কটিকা মহাদেশে চীনের দ্বিতীয় স্থায়ী বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র চোংশান স্টেশনে পৌঁছাবে সুয়েলং।

সিএমজি

China's first home-built icebreaker begins assembly - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *