বৈশ্বিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। এ লক্ষ্যে নীতিগত যোগাযোগ বাড়ানো, বিভিন্ন দেশের বিধিবিধানের মধ্যে সমন্বয় এবং দক্ষ জনশক্তির আন্তঃসীমান্ত চলাচল সহজ করার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে শুরু হওয়া ২০২৬ বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান এ উপপ্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বৃত্তিমূলক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প খাতের রূপান্তরের ফলে দক্ষ জনশক্তি তৈরির চাহিদাও বাড়ছে।
তিং সুয়েসিয়াং বলেন, ডিজিটাল, বুদ্ধিমান এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি, স্বল্পোন্নত দেশ ও অঞ্চলগুলোকে সহায়তা এবং দক্ষতা প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করতে হবে।
বর্তমানে চীনে বিশ্বের বৃহত্তম বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা রয়েছে। দেশটিতে প্রতিবছর এ শিক্ষা থেকে এক কোটিরও বেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির আধুনিক শিল্প খাতে নতুন যুক্ত হওয়া উচ্চদক্ষ কর্মীদের ৭০ শতাংশের বেশি এসেছে বৃত্তিমূলক শিক্ষা থেকে। এ সম্মেলনে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি খন্দকার এম তালহাও বক্তব্য রাখেন।
সূত্র: সিএমজি




















