চাঁদের বুকে মানুষের পা রাখার ঐতিহাসিক স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল চীন। চাঁদে মানুষ পাঠানোর এই মহাযজ্ঞের জন্য একটি বিশেষ প্রযুক্তিগত কাঠামো বেছে নিয়েছে দেশটি।
সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সপ্তম মানববাহী মহাকাশ সিম্পোজিয়ামে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান ডিজাইনার এবং চন্দ্রাভিযান কর্মসূচির প্রধান ডিজাইনার ওয়াং সিয়াং এই পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেন।
পরিকল্পনা অনুযায়ী, দুটি পৃথক রকেটের সাহায্যে ‘লানইউ’ চন্দ্র ল্যান্ডার এবং ‘মেংচৌ’ মানববাহী মহাকাশযানকে আলাদাভাবে পৃথিবী থেকে চাঁদমুখী কক্ষপথে পাঠানো হবে। নভোচারীরা মেংচৌ মহাকাশযান থেকে লানইউ ল্যান্ডারে প্রবেশ করে চাঁদের মাটিতে অবতরণ করবেন এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন।
এখন পর্যন্ত এই কর্মসূচির সার্বিক অগ্রগতি বেশ সন্তোষজনক। একটি সমন্বিত কাঠামোর আওতায় পুরো প্রকল্পের সিস্টেম প্ল্যান, কারিগরি মান এবং গুণগত মান নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন সাব-সিস্টেমের মধ্যে পারস্পরিক সংযোগ ও কার্যকারিতা যাচাইয়ের ওপর বিশেষ জোর দেয়া হচ্ছে।
ইতিমধ্যে লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট, মেংচৌ মহাকাশযান এবং লানইউ ল্যান্ডার তৈরির কাজ মসৃণ গতিতে এগিয়ে চলছে। সম্পন্ন হয়েছে বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা।
সূত্র: সিএমজি


















