চীনের আধুনিকায়নে সিপিসির মূলমন্ত্র - Mati News
Thursday, November 19

চীনের আধুনিকায়নে সিপিসির মূলমন্ত্র

সাকিব সিকান্দার

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনটি বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। এটি তাদেরকে চীনের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভের সুযোগ দেয়। গোটা বিশ্বেই অস্থিরতা চলছে। এর মাঝে সিপিসির মতো শতবর্ষী একটি রাজনৈতিক দল কীভাবে নিজেদের প্রাণশক্তি ধরে রেখেছে, কীভাবে তারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় অটল রয়েছে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করছে, তা সত্যিকার অর্থেই বোঝার ও শেখার ব্যাপার।

চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির অধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের একজন বিশেষ ধারাভাষ্যকার ওয়াং ইওয়েই। পাশাপাশি তিনি চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র বিষয়ে সি চিন পিংয়ের চিন্তাবিষয়ক গবেষণা একাডেমির ভাইস প্রেসিডেন্ট। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে একটি নিবন্ধন লিখেছেন তিনি। তার সেই মতামত তুলে ধরা হলো এখানে।

চীনের আধুনিকায়ন এগিয়ে নেওয়া এবং বর্তমানের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) লক্ষ্য অর্জনের মৌলিক রাজনৈতিক নিশ্চয়তা হলো পার্টির আত্মসংস্কার।

অনেক দেশই শাসনব্যবস্থার অচলাবস্থায় আটকে রয়েছে। এর পেছনে বিশ্ব অর্থনীতির শ্লথগতি, ভূরাজনৈতিক বিরোধ ও প্রযুক্তিগত প্রতিযোগিতার দেখা মেলে। এমন পরিস্থিতিতে স্থিতিশীল ও টেকসই উন্নয়নের পথ খুঁজছে যেসব দেশ, তাদের জন্য চীনের পার্টির আত্মশাসন ও আত্মসংস্কারের মন্ত্র বিশেষ তাৎপর্য বহন করে।

তবে এক্ষেত্রে বেশ ভিন্ন সিপিসি। তাদের আত্মসংস্কার ও আর্থসামাজিক উন্নয়নের মাঝে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। ইতিহাসের উত্থান-পতনের মাঝেও সিপিসি দুর্বল হয়ে পড়েনি। তারা সফলতার সঙ্গে দীর্ঘমেয়াদি শাসনক্ষমতা ধরে রেখেছে। এর পেছনের দ্বিতীয় কারণটি হলো আত্মসংস্কার। আর প্রথম কারণটি— সরকারকে জনগণের তদারকির আওতায় রাখা।

সিপিসি সম্পূর্ণ ভিন্ন এক শাসন পদ্ধতির চর্চা করে, যা পশ্চিমা রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনী রাজনীতির কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় না। মার্কসবাদী তত্ত্বের সঙ্গে চীনের হাজার বছরের সভ্যতা ও ঐতিহ্যের মিশেল এ পদ্ধতিকে ফলপ্রসূ করে তুলেছে। এতে ধারাবাহিক আত্মোন্নয়ন ও সাহসের সঙ্গে নিজেদের ভুল সংশোধনের চেতনা প্রতিফলিত হয়।

সিপিসির আত্মসংস্কার চারটি পরস্পর সম্পর্কিত দিকের মাধ্যমে পরিচালিত হয়। এগুলো হলো— আত্মশুদ্ধি, আত্মোন্নয়ন, আত্মউদ্ভাবন এবং আত্মশক্তিশালীকরণ। চীনের ঐতিহ্যবাহী আত্মপর্যালোচনার জ্ঞানকে ধারণ করা হয়েছে এসবের মাধ্যমে। পাশাপাশি ‘নিজেকে শুদ্ধ করে তোলা, সুশৃঙ্খল পরিবার গড়া, রাষ্ট্র পরিচালনা এবং সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা’— এই ধ্রুপদি শাসনদর্শনকে আধুনিক পার্টি ও রাষ্ট্র পরিচালনার উপযোগী করে তোলা হয়েছে।

প্রাতিষ্ঠানিক মডেল অন্য দেশে রপ্তানি বা অভ্যন্তরীণ বিরোধ বাইরে ঠেলে দেওয়ার পরিবর্তে পার্টি নিজেদের গঠনমূলক করে তোলাকে অগ্রাধিকার দেয়। পার্টির ভেতরের অস্বাস্থ্যকর উপাদানগুলোকে চিহ্নিত করে মূলোৎপাটন, তদারকির দুর্বলতা ও ফাঁকফোকর বন্ধ করা, শাসনসংক্রান্ত ধারণা নবায়ন এবং কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে উন্নয়নের শক্ত ভিত্তি তৈরি গড়ে তোলা হয়।

এই অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় নীতিনির্ধারণে স্বল্পমেয়াদি দলীয় স্বার্থের পরিবর্তে দীর্ঘমেয়াদি জনস্বার্থ অগ্রাধিকার পায়।

নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রে সি চিন পিংয়ের চিন্তার একটি অপরিহার্য অংশ দলের গঠন। দলের আত্মসংস্কারের চর্চায় এটি সুবিন্যাস্ত তাত্ত্বিক দিকনির্দেশনা দেয়। দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা মার্কসবাদী পার্টি কেমন হওয়া উচিত এবং কীভাবে তা গড়ে তুলতে হবে— এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয় এ তত্ত্ব।

এ তত্ত্ব অনুযায়ী, তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়ে দাঁড়িয়ে রয়েছে সিপিসি। এটি এমন একটি জ্ঞান-নির্ভর দল, যা শাসনক্ষমতাকে শক্তিশালী করে। সিপিসি এমন এক লক্ষ্য-ভিত্তিক দল, যা মূল মূল্যবোধে অবিচল থাকে এবং শাসনব্যবস্থার বাস্তবিক উন্নয়নকে এগিয়ে নেয়।

সিপিসির দর্শনতত্ত্ব দুটো বিষয়ের সমন্বয় ঘটায়। একটি মার্কসবাদের মৌলিক নীতির সঙ্গে চীনের নির্দিষ্ট বাস্তবতার সমন্বয়। অন্যটি মার্কসবাদের সঙ্গে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সমন্বয়।

সিপিসি জনগণকেন্দ্রিক শাসনব্যবস্থার একটি কাঠামো গড়ে তুলেছে। পশ্চিমা রাজনৈতিকব্যবস্থায় একটা ধারণা রয়েছে যে, ক্ষমতা স্বভাবতই তা অপব্যবহারের প্রবণতা তৈরি করে। তবে চীনের শাসনব্যবস্থার ধারণা ভিন্ন।

ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর শাসনব্যবস্থায় অনেকসময়ই দলীয় সংঘাত, সামাজিক বিভাজন এবং লোক দেখানো গণতন্ত্রে পর্যবসিত হয়। এতে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রতিযোগিতার হাতিয়ারে পরিণত হয়।

নির্বাচনী প্রচারের সময়সীমা রাজনীতিবিদদের বিভিন্ন স্বার্থগোষ্ঠীর দাবি পূরণে মনোযোগী হতে বাধ্য করে। ফলে জাতীয় উন্নয়ন ও সামাজিক কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।

কিন্তু সিপিসি ভিন্ন পথে কাজ করে। তারা তৃণমূল পর্যায়ে একটি সুসংবদ্ধ ও কঠোর সাংগঠনিকব্যবস্থা গড়ে তুলেছে। এক কোটির বেশি সদস্য এবং ৫০ লাখেরও বেশি প্রাথমিক পর্যায়ের সংগঠন নিয়ে দলটি তৃণমূল পর্যায়ের দুর্বল শাসনব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলা করেছে। একইসঙ্গে জাতীয় শাসনব্যবস্থার প্রতিটি স্তরে পার্টির নেতৃত্ব বিস্তৃত করেছে।

পার্টির ওপর পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলে, কাজের ধরন ও পদ্ধতির উন্নয়ন ঘটায় এবং পার্টি ও জনগণের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক দৃঢ় করে। একইসঙ্গে ভিন্ন ঘরাণার উৎপাদনশীল শক্তি গড়ে তোলার পাশাপাশি স্থিতিশীল প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরি করে।

তৃণমূল পর্যায়ের পার্টি সংগঠনগুলো রাষ্ট্র ও সমাজের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে। স্থানীয় শাসনব্যবস্থায় জনগণের দাবি ও প্রত্যাশা যেন শোনা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তা নিশ্চিত করে এসব সংগঠন।

পশ্চিমা দেশগুলোতে রাজনৈতিক দলের পালাবদলের মাধ্যমে উন্নয়নের পথ বদলে যায়। কিন্তু সিপিসি প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত আত্মসংস্কারের মাধ্যমে দলের অভ্যন্তরীণ রাজনৈতিক নবায়ন ঘটায়। এতে সামাজিক বিপ্লবে নেতৃত্ব প্রদানের সক্ষমতা তৈরি হয়। একইসঙ্গে স্বল্পমেয়াদি নির্বাচনী চক্রের সীমাবদ্ধতা ছাড়াই দীর্ঘমেয়াদি কৌশলগত নীতি প্রণয়ন সম্ভব হয়।

স্বাধীনতা ও আত্মনির্ভরতার ভিত্তিতে সিপিসি চীনা সভ্যতার সৃজনশীল রূপান্তর এগিয়ে নিচ্ছে। এর মাধ্যমে কৃষি-ভিত্তিক সভ্যতা থেকে শিল্প, ডিজিটাল ও পরিবেশবান্ধব সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে দেশটি। বৈশ্বিক প্রযুক্তিগত অবরোধ ও বাইরের চাপের মধ্যেও চীন তার কৌশলগত অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি শিল্পের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে।

এ শাসনচর্চার গুরুত্ব চীনের সীমানা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত। কাজেই দল গঠনে সি চিন পিংয়ের চিন্তা মূলত পশ্চিমা রাজনৈতিক দল পরিচালনার মডেলের একচেটিয়া ধারণাকে চ্যালেঞ্জ করে। এটি দেখিয়েছে, আত্মসংস্কারের মাধ্যমে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো দীর্ঘমেয়াদি শাসনক্ষমতা ধরে রাখতে পারে।

সিপিসির ধারণা বিশ্বকে স্মরণ করিয়ে দেয়, রাজনৈতিক আধুনিকায়নের কোনো সর্বজনীন নির্দিষ্ট মডেল নেই। প্রতিটি দেশ তার নিজস্ব ঐতিহাসিক ঐতিহ্য ও জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শাসনব্যবস্থার মডেল অনুসন্ধান করতে পারে।

লেখক: সাংবাদিক, সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *