চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম - Mati News
Thursday, October 15

চীন-ইইউ’র যানবাহন বাণিজ্যে ঐকমত্য শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করবে: সিএএএম

হাইব্রিড ও বৈদ্যুতিক যানবাহনের বাণিজ্য নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া ঐকমত্য উভয় পক্ষের শিল্পখাতের প্রত্যাশা স্থিতিশীল করতে এবং গাড়ি নির্মাণশিল্প ও সরবরাহব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সহায়তা করবে। বুধবার এ কথা জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-সিএএএম।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার নীতির ভিত্তিতে ‘চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ প্রক্রিয়া’র আওতায় নিবিড় দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে।

সিএএএম জানায়, বিশ্বের প্রধান অর্থনীতি ও গাড়ির বাজার হিসেবে চীন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে শক্তিশালী শিল্পগত পরিপূরকতা রয়েছে। পাশাপাশি দুই পক্ষের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগও বিদ্যমান।

সংস্থাটি উল্লেখ করে, প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিয়ন্ত্রণ, বাণিজ্য সংক্রান্ত বিরোধের যথাযথ সমাধান, সংঘাতের পরিবর্তে সংলাপকে প্রাধান্য দেওয়া এবং সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যৌক্তিক পদক্ষেপ। এটি উভয় পক্ষের মৌলিক স্বার্থ রক্ষা করে।

সিএএএম-এর মতে, বাণিজ্যিক উত্তেজনা বাড়লে ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পাবে, বাজারের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত হবে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। একইসঙ্গে এটি গাড়ি নির্মাণশিল্পের রূপান্তর ও আধুনিকায়নের পথেও বাধা সৃষ্টি করবে।

হাইব্রিড যানবাহনের বাণিজ্যের ক্ষেত্রে উভয় পক্ষ তিনটি মৌলিক নীতির ওপর গুরুত্ব দিয়েছে। এগুলো হলো- তথ্যের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীনতা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে চলা।

অন্যদিকে, বৈদ্যুতিক যানবাহনের বিষয়ে চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকিবিরোধী তদন্ত সংক্রান্ত বিরোধের একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম হয়েছে চীন ও ইইউ। এর অংশ হিসেবে ইইউ মূল্য সংক্রান্ত অঙ্গীকারের বিষয়ে একটি সাধারণ নির্দেশিকা প্রকাশ করেছে। এখন এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মূল্য সংক্রান্ত অঙ্গীকার এবং অন্যান্য পর্যালোচনা প্রক্রিয়া এগিয়ে নেবে ইইউ।

সিএএএম জানিয়েছে, এ ঐকমত্য গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর জন্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় আরও স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে উভয় পক্ষের শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তি ও ভোক্তাদের অভিন্ন স্বার্থ রক্ষায় সহায়তা করবে।

সংস্থাটি আরও জানায়, শিল্পখাতের মধ্যে সংলাপ ও সমন্বয় জোরদারে তারা কাজ অব্যাহত রাখবে। পাশাপাশি, চীন ও ইউরোপীয় ইউনিয়ন যাতে বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ প্রক্রিয়ার আওতায় যৌথভাবে এ ঐকমত্য বাস্তবায়ন এবং মতপার্থক্যগুলোর যথাযথ সমাধান করতে পারে, সে ক্ষেত্রে সহায়তা করবে। একইসঙ্গে একটি সুষ্ঠু, উন্মুক্ত ও বৈষম্যহীন আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ বজায় রাখতেও যৌথভাবে কাজ করবে সংস্থাটি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *