নভেমাবর ২৮: গত ২৫ নভেম্বর, শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশযান বহনকারী লংমার্চ-২এফ ওয়াই-২৪ রকেট, চীনের চিউছুয়ান উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে উত্ক্ষেপণ করা হয়। উত্ক্ষেপণের নির্দিষ্ট সময় পর, চীনের নভোচারী থাং হোংপো ও উ ই এবং পাকিস্তানি মহাকাশচারী মুহাম্মদ জিশান আলী, চীনের মহাকাশকেন্দ্রে প্রবেশ করেন।
শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশ অভিযানকে বিদেশী গণমাধ্যম ও আন্তর্জাতিক মহলের প্রতিনিধিরা উচ্চ প্রশংসা করেছেন। তাঁদের মতে, উন্মুক্ত মনোভাব ও পারস্পরিক সহযোগিতা এবং উভয়ের জন্য কল্যাণকর নীতির ভিত্তিতে, চীন বিশ্বের সাথে শান্তিপূর্ণভাবে মহাকাশ ব্যবহারে কাজ করছে। এর ফলে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার আরও বিস্তৃত সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা গার্ডিয়ান’ ২৫ নভেম্বরের এক প্রতিবেদনে জানায়, চীন অনেক আগেই আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্র হিসেবে ‘থিয়েনকুং’ মহাকাশকেন্দ্র গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে। এর আগে, চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচি কার্যালয় জাতিসংঘের সাথে যৌথভাবে, একটি নথি প্রকাশ করেছিল, যেখানে মহাকাশকেন্দ্রে আন্তর্জাতিক সহযোগিতার জন্য ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক গবেষণার সুযোগ ও সম্পদের বিবরণ তুলে ধরা হয়।
দক্ষিণ কোরিয়ার ‘সিউল নিউজ’ ২৫ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বলেছে, শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশ অভিযান ‘আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে’।
ইউরোপীয় মহাকাশ বিজ্ঞান পরিষদের সভাপতি রবার্তো বাত্তিস্তোন বলেন, ‘এই সুযোগে, চীনের মহাকাশ কর্মসূচির নতুন অগ্রগতির জন্য আমি অভিনন্দন জানাতে চাই। শেনচৌ-২৪ মহাকাশ অভিযানে পাকিস্তানি মহাকাশচারীকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে এক বড় অগ্রগতি।’
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভূ-পৃথিবী, পরিবেশ ও গ্রহবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেমস হেড বলেন, “চীনের মহাকাশকেন্দ্র ‘থিয়েনকুং’, সত্যিই অসাধারণ। সেখানে ধারাবাহিকভাবে অত্যন্ত ভালো মানের বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হচ্ছে। সেখানে বিদেশী মহাকাশচারীদের স্বাগত জানানো হচ্ছে—এটি দেখে খুব ভালো লাগছে। এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয় এবং আরও বেশি মানুষ মহাকাশ অনুসন্ধানের প্রতি আগ্রহী হয়ে ওঠে।” (শিশির/আলিম/আকাশ)





















