চীন-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সহযোগিতা ব্যবস্থার বৈঠকে সহসভাপতিত্ব করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী - Mati News
Tuesday, November 24

চীন-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সহযোগিতা ব্যবস্থার বৈঠকে সহসভাপতিত্ব করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী

https://pics2.baidu.com/feed/0dd7912397dda1448973c6abb08677b00cf48670.jpeg@f_auto?token=ef131616a0c813252f1837ad68a11b61

নভেম্বর ২৪: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও উপপ্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং গতকাল(সোমবার) সিঙ্গাপুরে দেশটির উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা চীন-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সহযোগিতাবিষয়ক যৌথ কমিটির ২২তম বৈঠক, চীন-সিঙ্গাপুর সুচৌ শিল্প পার্কের যৌথ সমন্বয় পরিষদের ২৭তম বৈঠক, চীন-সিঙ্গাপুর থিয়ান চিন ইকো-সিটির যৌথ সমন্বয় পরিষদের ১৮তম বৈঠক এবং চীন-সিঙ্গাপুর (ছোং ছিং) কৌশলগত সংযোগ প্রদর্শন প্রকল্পের যৌথ সমন্বয় পরিষদের ১০ম বৈঠকে সহসভাপতিত্ব করেন।

বৈঠকে তিং সুয়ে সিয়াং বলেন, চীন ও সিঙ্গাপুরের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। দুই দেশের সম্পর্কের সার্বিক, উচ্চমানের ও দূরদর্শী বৈশিষ্ট্য এসব সাফল্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এর মূল কারণ হলো দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা, উন্নয়নের ধারাকে সঠিকভাবে অনুধাবন এবং সময়ের সুযোগ কাজে লাগানো।

তিনি আরও বলেন, জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মুখে দুই দেশের উচিত, অতীতের সফল অভিজ্ঞতাগুলো আন্তরিকভাবে পর্যালোচনা করা, নতুন পরিস্থিতি ও চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানো এবং নতুন সহযোগিতার পথ অনুসন্ধান করা। এর মাধ্যমে নিজ নিজ দেশের আধুনিকায়নের প্রচেষ্টাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সফল সূচনা নিশ্চিত করা হবে। চীনা কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে পার্টির সর্বাত্মক কঠোর শাসন অব্যাহত রাখার বিষয়ে পদ্ধতিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি চীনের আধুনিকায়নের জন্য শক্তিশালী রাজনৈতিক নিশ্চয়তা দেবে।

তিং সুয়ে সিয়াং বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য আন্তরিকভাবে বাস্তবায়ন করতে এবং আন্তসরকারি সহযোগিতার দৃষ্টান্তমূলক ও নেতৃত্বদানকারী ভূমিকা পুরোপুরি কাজে লাগাতে সিঙ্গাপুরের সঙ্গে কাজ করতে চীন আগ্রহী। পাশাপাশি চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সঙ্গে সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারগুলোর আরও ভালো সমন্বয়ের উপায় অনুসন্ধান, প্রচলিত সহযোগিতার ক্ষেত্রগুলোর মানোন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ শিল্পের মতো উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় চীন। এর মাধ্যমে দুই দেশের উন্নয়নের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা আরও বাড়বে বলেও জানান তিনি।

গান কিম ইয়ং বলেন, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সাম্প্রতিক সফল চীন সফর এবং চীনা নেতাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা দুই দেশের সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করেছে।

তিনি আরও বলেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে বিভিন্ন সহযোগিতা প্রক্রিয়াকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে, আন্তসরকারি প্রকল্পগুলোর যথাযথ ব্যবহার করতে এবং ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেবা খাত ও যোগাযোগব্যবস্থায় সহযোগিতা জোরদার করতে আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের সার্বিক, উচ্চমানের ও দূরদর্শী অংশীদারত্বের আওতায় আরও বাস্তব ফলাফল অর্জন সম্ভব হবে বলেও জানান গান কিম ইয়ং।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *