জনগণের জীবন ও সম্পত্তি সুরক্ষায় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে হবে এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে হবে।
মঙ্গলবার উত্তর চীনের হ্যপেই প্রদেশের থাংশান শহর পরিদর্শনের সময় এ নির্দেশনা দেন লি ছিয়াং।
এ বছর থাংশান ভূমিকম্পের ৫০তম বার্ষিকী। ১৯৭৬ সালের ২৮ জুলাই আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হন এবং কার্যত পুরো শহরটি ধ্বংস হয়ে যায়।
থাংশান ভূমিকম্প স্মৃতি উদ্যান পরিদর্শনের সময় লি ছিয়াং ভূমিকম্পে নিহতদের এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমে প্রাণ হারানো বীরদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
লি ছিয়াং বলেন, “গত পাঁচ দশকে থাংশানের জনগণ ধ্বংসস্তূপ থেকে একটি আধুনিক শহর পুনর্নির্মাণ করেছে।” তিনি আরও বলেন, থাংশান যখন উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে, তখন শহরটির উচিত বেইজিং–থিয়েনচিন–হ্যপেই অঞ্চলের সমন্বিত উন্নয়নের সুযোগ কাজে লাগানো, নিজস্ব শক্তিকে আরও বিকশিত করা এবং বীরত্বের ঐতিহ্য ধারণ করে আরও উন্নত শহরে পরিণত হওয়া।
পরিদর্শনকালে একটি পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রে গিয়ে লি ছিয়াং ভূমিকম্পে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা পুনর্বাসন ও দৈনন্দিন পরিচর্যার মানোন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রকৌশল উদ্ধারকারী বাহিনীর উদ্ধার ঘাঁটি পরিদর্শন করে তিনি বলেন, সর্বদা সতর্ক থাকতে হবে, জরুরি প্রতিক্রিয়ার সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা আরও শক্তিশালী করতে হবে এবং দুর্যোগ প্রতিরোধে জনগণের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
চীন বর্তমানে জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরুর গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ সময় অতিক্রম করছে উল্লেখ করে লি ছিয়াং সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা, পর্যাপ্ত জরুরি সরবরাহ ও সরঞ্জাম নিশ্চিত করা এবং দুর্যোগ দেখা দিলে বৈজ্ঞানিক ও সুশৃঙ্খল উপায়ে দ্রুত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান। সূত্র: সিএমজি বাংলা





















