পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরি কেইকোর সঙ্গে সিএমজি’র একান্ত সাক্ষাত্কার - Mati News
Sunday, November 22

পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরি কেইকোর সঙ্গে সিএমজি’র একান্ত সাক্ষাত্কার

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সংস্থার ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক শেনচেনে অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশগ্রহণকারী পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরি কেইকো সিএমজি’কে একান্ত সাক্ষাত্কার দেন।

এপেক-এর তাত্পর্য নিয়ে তিনি বলেন, এপেক বৈঠকে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপেক-এ ২১টি অর্থনীতি রয়েছে, যাদের সম্মিলিত আঞ্চলিক জিডিপি বিশ্ব অর্থনীতির ৬০ শতাংশ এবং বাণিজ্যের মোট পরিমাণ বিশ্বের প্রায় ৫০ শতাংশ। পেরুর ক্ষেত্রে, এই অর্থনীতিগুলোর সঙ্গে আমাদের বাণিজ্য মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ। পেরু সবেমাত্র বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড স্থাপন করেছে। এ বছর পেরুর রপ্তানির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই আমার মতে, এপেক শুধু একটি বৈঠক নয়, বরং এটি পেরুর জন্য একটি বড় সুযোগ।

এ বছর চীন-পেরু কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। তিনি মনে করেন, চীন-পেরু মুক্ত বাণিজ্য চুক্তির উন্নয়ন সংক্রান্ত প্রোটোকল ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে স্মার্ট কাস্টমস সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, যা চানকাই বন্দর ও সাংহাইয়ের মধ্যে বাণিজ্যিক যোগাযোগকে আরও দ্রুততর করবে। একই সঙ্গে উভয় পক্ষ শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে বিনিময় আরও গভীর করতে চায়, এসব ক্ষেত্রে পেরু ইতিমধ্যে বিপুল সহযোগিতা পেয়েছে।

দশ বছরেরও বেশি সময় পর আবার চীন সফরে এসে তিনি শেনচেনের উন্নয়ন ও পরিবর্তন দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, দশ বছরেরও বেশি সময় পর আবার শেনচেনে এসে আমি বিস্ময়কর উন্নয়ন ও বিশাল পরিবর্তন দেখেছি, গভীরভাবে মুগ্ধ হয়েছি। এই শহরের প্রযুক্তি শিল্প উন্নত, ভবন পরিকল্পনা সুশৃঙ্খল, নগর পরিবেশ সুন্দর। বহু বছর আগে শেনচেন ছিল একটি ছোট শহর। তাই শেনচেন বিশ্বের অন্যান্য অঞ্চলের ছোট শহরগুলোর জন্য অনুকরণীয় উন্নয়ন দৃষ্টান্ত স্থাপন করেছে, পেরু নিঃসন্দেহে এ থেকে অভিজ্ঞতা গ্রহণ করতে পারে।

চানকাই বন্দরের বিষয়ে তিনি বলেন, আগে চানকাই থেকে সাংহাই পর্যন্ত বৈদেশিক বাণিজ্য পরিবহনে ৩৫ দিন লাগত, এখন এই সময় ২৩ দিনে কমে এসেছে। লজিস্টিকস ব্যয় হ্রাসের তাত্পর্যপূর্ণ ভূমিকা রয়েছে, এটি শুধু সাংহাইতে পৌঁছানো আমাদের পণ্যের জন্যই সুবিধাজনক নয়, বরং এর অর্থ পেরু সমগ্র এশীয় বাজারে প্রবেশের একটি দ্বার হয়ে উঠেছে। এটি পেরুর জনগণের জন্য একটি বড় সুবিধা, আমরা আশা করি এর মাধ্যমে আরও সুযোগ সৃষ্টি করতে পারব। পণ্য রপ্তানির সময় প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর সর্বোত্তম উপায় হলো লজিস্টিকস ব্যয় কমানো। তাই বিমানবন্দর, বন্দর, রেলপথ ও সড়কে বিনিয়োগ আমাদের দেশের পণ্যকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। তাই আমরা চানকাই বন্দরে সব পক্ষের বিনিয়োগের জন্য কৃতজ্ঞ, এটি পণ্য পরিবহনকে আরও দ্রুত ও কম ব্যয়বহুল করতে পারবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *