বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে একমত চীন-অস্ট্রিয়া - Mati News
Saturday, November 7

বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে একমত চীন-অস্ট্রিয়া

বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে চীন ও অস্ট্রিয়া। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও অস্ট্রিয়া উভয় দেশই মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সুফল পেয়েছে। তাই দুই দেশের মধ্যে উন্মুক্ত সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিশ্ব অর্থনীতিও উপকৃত হবে।

তিনি বলেন, চীন অস্ট্রিয়ার সঙ্গে যোগাযোগ ও সংলাপ বাড়াতে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগকে সম্মান করে কাজ করতে আগ্রহী।

লি ছিয়াং জানান, অস্ট্রিয়ার জন্য চীনের বাজারে আরও সুযোগ তৈরি এবং দেশটি থেকে উন্নতমানের পণ্য আমদানি বাড়াতে চীন প্রস্তুত। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি ও আধুনিক শিল্প উৎপাদনে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

অস্ট্রিয়ায় আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন লি। এ জন্য চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অস্ট্রিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নিতে চায় অস্ট্রিয়া। দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

স্টকার আরও বলেন, পারস্পরিক আস্থা বাড়াতে সংলাপ ও আলোচনার বিকল্প নেই। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে চায় অস্ট্রিয়া।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *