মহাকাশে উন্নয়ন, নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন উদ্বেগ মোকাবিলায় চীনের গঠনমূলক প্রস্তাব তুলে ধরে ‘মহাকাশ শাসনব্যবস্থা জোরদারে চীনের অবস্থান’ শীর্ষক একটি অবস্থানপত্র প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নথিতে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বর্তমানে মহাকাশে বৈশ্বিক শাসনব্যবস্থার তিনটি প্রধান ক্ষেত্র রয়েছে। এগুলো হলো— মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশযানের চলাচল সমন্বয় এবং চাঁদ ও মহাকাশের সম্পদ উন্নয়ন ও ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট শাসনব্যবস্থা।
চায়না ইনস্টিটিউটস অব কনটেম্পোরারি ইন্টারন্যাশনাল রিলেশন্সের অস্ত্র নিয়ন্ত্রণ ও রপ্তানি নিয়ন্ত্রণবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক কুও শিয়াওপিং বলেন, বর্তমানে মহাকাশ কার্যক্রমে তিনটি প্রধান বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এগুলো হলো—
প্রথমত, মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে কক্ষপথে রয়েছে প্রায় ১৬ হাজার উপগ্রহ।
দ্বিতীয়ত, বিভিন্ন দেশ মহাকাশ বাহিনী গঠন এবং আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অস্ত্র তৈরির মাধ্যমে মহাকাশকে সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করছে।
তৃতীয়ত, ২০১৯ সাল থেকে বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণসহ মহাকাশ-ভিত্তিক শিল্পের দ্রুত সম্প্রসারণ ঘটছে, যা মহাকাশের নিরাপত্তা ও শাসনব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
চীনের এই অবস্থানপত্র প্রকাশের মূল উদ্দেশ্য মহাকাশের বৈশ্বিক শাসনব্যবস্থায় উচ্চপর্যায়ের নির্দেশনামূলক নীতিমালার ঘাটতি পূরণ করা। এতে মহাকাশের উন্নয়ন, নিরাপত্তা ও শাসন সংক্রান্ত সমস্যার গঠনমূলক সমাধানে ১০টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।
সূত্র: সিএমজি


















