রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাক্ষাৎ - Mati News
Thursday, October 15

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাক্ষাৎ

চীনের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাকুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয় সময় বুধবারের এ সাক্ষাতে রাশিয়াকে সফলভাবে রাষ্ট্রীয় ডুমা নির্বাচন আয়োজন এবং দেশীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক এজেন্ডা সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।

তিনি আরও জানান, এ বছরের মে ও আগস্টে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলপ্রসূ বৈঠক করেছেন, যা চীন-রাশিয়ার নতুন যুগের সর্বাত্মক কৌশলগত সহযোগিতা ও অংশীদারত্বের ধারাবাহিক উচ্চমানের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে।

আগামী মাসে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক শেনচেনে অনুষ্ঠিত হবে।

রাশিয়াসহ বিভিন্ন পক্ষের সমর্থনে এপেকের ‘চীন বছর’ সমৃদ্ধ ফলাফল অর্জন করবে বলে বিশ্বাস করেন লাভরভ। তিনি বলেন, এপেকের ‘চীন বছর’-এ যৌথভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজের ঐতিহাসিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত হবে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতায় শক্তিশালী গতির সঞ্চার হবে।

ওয়াং ই বলেন, ইউরেশিয়া মহাদেশের ভূখণ্ড বিশাল এবং বৈচিত্র্যময় সভ্যতা রয়েছে। এই অঞ্চলের দেশগুলো শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা গভীর করার প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, চার বছর পর এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বিনির্মাণ সংক্রান্ত সম্মেলন (সিআইসিএ) আবারও অনুষ্ঠিত হচ্ছে। চীন রাশিয়াসহ সিআইসিএ-র সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে, প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলন করতে এবং বৈশ্বিক শাসন উন্নত করতে অবদান রাখতে ইচ্ছুক।

লাভরভ জানান, রাশিয়া ও চীন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমৃদ্ধ ফলাফল অর্জন করেছে, যা দুই দেশের মূল স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ।

এপেক নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক সফলভাবে আয়োজনে চীনকে রাশিয়া পূর্ণ সমর্থন জানায় বলেও জানান লাভরভ।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীন আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন অবস্থানে রয়েছে। জাতিসংঘ, জি২০, এপেক, ব্রিকস প্রক্রিয়াসহ বহুপাক্ষিক কাঠামোর অধীনে চীনের সাথে সমন্বয় আরও জোরদার করতে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা করতে ইচ্ছুক রাশিয়া।

উভয়পক্ষ পরবর্তী চীন-রাশিয়া উচ্চপর্যায়ের বিনিময় এবং যৌথ আগ্রহের আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্থান সমন্বয় করেছে এবং নতুন ঐকমত্যে পৌঁছেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *