সিপিসির আত্মশুদ্ধিই দেশ শাসনের প্রাণশক্তি - Mati News
Thursday, November 19

সিপিসির আত্মশুদ্ধিই দেশ শাসনের প্রাণশক্তি

নভেম্বর ১৯, চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের মূল আলোচ্যসূচি ছিল পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা। শতাব্দীপ্রাচীন এই পার্টি আত্মসংস্কারের মাধ্যমে কীভাবে নিজেদের শাসনক্ষমতার প্রাণশক্তি ধরে রেখেছে, তারই প্রতিফলন এই অধিবেশন।

চায়না মিডিয়া গ্রুপের অধীন চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) -এর বিশেষ ধারাভাষ্যকার কাও লেই। তিনি আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের মার্কসিজম স্কুলের সহযোগী অধ্যাপক এবং উন্মুক্ত অর্থনীতির তত্ত্ব ও চর্চাবিষয়ক সহযোগিতা কেন্দ্র ও উন্মুক্তকরণবিষয়ক সি চিন পিং চিন্তাধারা কেন্দ্রের গবেষক। এ ছাড়া তিনি বিশ্বায়ন ও চীনের আধুনিকায়নবিষয়ক গবেষণা ইনস্টিটিউটেরও গবেষক। এ ছাড়া ওয়েন চিয়াছি সিজিটিএনের বিশেষ ভাষ্যকার এবং বর্তমানে আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের মার্কসিজম স্কুলের স্নাতকোত্তর শিক্ষার্থী। তাদের এই নিবন্ধে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে।

চীনের দীর্ঘমেয়াদি উন্নয়নের নেপথ্যে কী আছে, তা জানার আগ্রহ আন্তর্জাতিক সম্প্রদায়ের। দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি মার্কসবাদী-লেনিনবাদী পার্টি কীভাবে নিজেদের শাসনক্ষমতার প্রাণশক্তি ধরে রাখতে পারে? কীভাবে ধারাবাহিকভাবে উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা যায়? আর উন্নয়নের সুফল কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়?

এসব প্রশ্নের উত্তর নিহিত রয়েছে শাসনকার্যের সাফল্য সম্পর্কে সিপিসির গভীর উপলব্ধি এবং পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নেওয়ার ধারাবাহিক ও ব্যাপক চর্চার মধ্যে। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জোর দিয়ে বলেছেন, ‘শাসনকার্যের সাফল্য সম্পর্কে সঠিক উপলব্ধি গড়ে তুলতে হলে বাস্তবতা দৃষ্টিকোণ ধারণ করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ নিয়মকে আত্মস্থ করার সঙ্গে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এমন অর্জন নিশ্চিত করতে হবে।

এটি পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেয় এবং জনগণের প্রতি পার্টির মৌলিক অঙ্গীকারের প্রতিফলন ঘটায়। সব পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের মনে রাখতে হবে, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সবচেয়ে মৌলিক রাজনৈতিক অর্জন।

শাসনকার্যের সাফল্য সম্পর্কে পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি স্থানীয় সরকারগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানের ওপর অতিরিক্ত গুরুত্ব দিতে এবং লোকদেখানো প্রকল্পের প্রতি বেশি আগ্রহী করে তুলতে পারে। দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য উপেক্ষা করে স্বল্পমেয়াদি দৃশ্যমান সাফল্যকে অগ্রাধিকার দেওয়ার এই প্রবণতায় বিপুল পরিমাণ সরকারি সম্পদ আড়ম্বরপূর্ণ ও লোকদেখানো প্রকল্পে ব্যয় হওয়ার আশঙ্কা থাকে। এতে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া জাতীয় কৌশল বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়। শেষ পর্যন্ত এটি পার্টির শাসনের ভিত্তিকে দুর্বল করে এবং জনগণের সেবাকে উন্নয়নের মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয়।

কর্মকর্তাদের আচরণের এ ধরনের প্রবণতা সংশোধন করতে মূল্যায়ন ও পর্যালোচনার মানদণ্ড উন্নত করা জরুরি। পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসন প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ঘটায়। ফলে তা কর্মকর্তাদের রাজনৈতিক অর্জন মূল্যায়নের মানদণ্ডে পরিবর্তন আনে।

শাসনকার্যের সাফল্য সম্পর্কে যৌক্তিক উপলব্ধি ধীরে ধীরে কর্মকর্তাদের মূল্যায়নের অন্যতম মূল নির্দেশক হয়ে উঠেছে। কর্মকর্তাদের সবসময় জনকেন্দ্রিক অবস্থান বজায় রাখা, উচ্চমানের উন্নয়নকে মূল দায়িত্ব হিসেবে বিবেচনা এবং সাধারণ মানুষের জরুরি সমস্যা ও দুর্ভোগ সমাধানে সক্রিয় থাকার প্রস্তুতি রাখতে হবে।

নতুন যুগের সূচনা থেকে সি চিন পিং -কে কেন্দ্র করে গঠিত পার্টির কেন্দ্রীয় কমিটি দীর্ঘমেয়াদি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছে। এ উদ্যোগের লক্ষ্য এমন এক সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা, যাতে কর্মকর্তারা দুর্নীতি করার সাহস না পান, দুর্নীতি করতে না পারেন এবং দুর্নীতিতে জড়ানোর ইচ্ছাও না থাকে। এর মাধ্যমে পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর আত্মশাসনকে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে সরকারি ক্ষমতা সব সময় জনগণের মৌলিক স্বার্থে ব্যবহৃত হয়।

সরকারি ক্ষমতার প্রয়োগ ও পরিচালনাব্যবস্থা নিয়ন্ত্রণ করাই পার্টির শাসনব্যবস্থার চূড়ান্ত লক্ষ্য নয়। এর মৌলিক উদ্দেশ্য হলো উন্নয়নের সুফল যেন সব মানুষ ন্যায্যভাবে ভোগ করতে পারে, তা নিশ্চিত করা। শাসনকার্যের সাফল্য মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত সাধারণ মানুষের জীবনে বাস্তব কল্যাণ নিশ্চিত করা। সাধারণ পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এবং কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও বয়স্কদের সেবার মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক খাতে দৃশ্যমান উন্নয়নের মধ্য দিয়েই এ সাফল্যের মূল্যায়ন হওয়া উচিত।

বিশ্বের রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বলা যায়, দেশ শাসনে এই দর্শনের মাঝেই পার্টির ধারাবাহিক প্রাণশক্তির মৌলিক ব্যাখ্যা মেলে। জনগণের সমর্থন ও স্বীকৃতিই পার্টির শাসনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তাই দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল কীভাবে নিজেদের প্রাণশক্তি ও জনগণের ধারাবাহিক সমর্থন ধরে রাখতে পারে— এ সাধারণ প্রশ্নের উত্তর খুঁজতে সিপিসির বাস্তব অভিজ্ঞতা মূল্যবান দৃষ্টান্ত হতে পারে।

সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর শাসনব্যবস্থা ধারাবাহিকভাবে এগিয়ে নিতে বেশ কিছু নতুন প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, পার্টির পূর্ণাঙ্গ ও কঠোর শাসনব্যবস্থা এগিয়ে নেওয়া এক দীর্ঘমেয়াদি ও অব্যাহত প্রক্রিয়া। ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদের নতুন উন্নয়নযাত্রায় সিপিসি জনগণের কল্যাণ বাড়াতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং এমন শাসনগত সাফল্য অর্জনে সচেষ্ট থাকবে।

(সংক্ষেপিত)

ভাষান্তর: সাকিব সিকান্দার, সিএমজি বাংলা

A view of the Great Hall of the People in Beijing, capital of China, October 16, 2022. /Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *