১০ বছরের উদ্যোগে বদলে গেছে চীনের নদ-নদীর পানির চিত্র - Mati News
Saturday, November 28

১০ বছরের উদ্যোগে বদলে গেছে চীনের নদ-নদীর পানির চিত্র

চীনে নদীপ্রধান ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ১০ বছরে দেশটির পানির গুণগত মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পানিসম্পদ রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জলজ পরিবেশের উন্নয়নে নেওয়া এ উদ্যোগ দেশটির পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শনিবার প্রকাশিত সিসিটিভির প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ ব্যবস্থার আওতায় স্থানীয় পর্যায়ের ক্ষমতাসীন দল ও সরকারের কর্মকর্তাদের ‘নদীপ্রধান’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি নদীর জন্য নির্দিষ্ট একজন কর্মকর্তা দায়িত্ব পালন করেন। তাদের প্রধান কাজ হলো পানিসম্পদ সংরক্ষণ, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং নদীর পরিবেশগত পুনরুদ্ধার নিশ্চিত করা। দায়িত্বাধীন জলাঞ্চলে পরিবেশের ক্ষতি হলে সংশ্লিষ্ট নদীপ্রধানদের জবাবদিহির আওতায় আনা হয়।

চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পর দেশটির ভূপৃষ্ঠের পানির ভালো মানসম্পন্ন পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর হার ২০১৬ সালের ৬৭ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯১ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে, ২০১৫ সালের তুলনায় অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ ৮৮ হাজার ৩০০ বর্গকিলোমিটার কমেছে। শতকরা হিসাবে এ হ্রাসের হার ৫১ শতাংশ।

চীনের দীর্ঘতম দুটি নদী ইয়াংজি ও হোয়াংহো পানির মানের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতি ধরে রেখেছে। নদী দুটির মূল প্রবাহের পানির গুণগত মান টানা যথাক্রমে ছয় ও চার বছর ধরে দ্বিতীয় সর্বোচ্চ মান বা গ্রেড-২ বজায় রেখেছে।

সিএমজি

China's water management highly praised - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *