চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে অলিম্পিক মিউজিয়াম নেটওয়ার্কের (ওএমএন) ২০২৬ সালের সাধারণ সভা। নেটওয়ার্কটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় বেইজিংয়ের গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকের ঐতিহ্য সংরক্ষণ এবং অলিম্পিক-পরবর্তী স্থাপনাগুলোর বহুমুখী ব্যবহারের প্রশংসা করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং অলিম্পিক মিউজিয়ামে (বিজেওএম) এ সভা অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দেশের ৩৮টি জাদুঘর ও ক্রীড়াপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অলিম্পিক মিউজিয়াম নেটওয়ার্কের হালনাগাদ সমঝোতাস্মারক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা। বিষয়গুলো হলো—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রদর্শনী ও সংগ্রহশালা এবং জাদুঘরের উন্নয়ন, বিপণন ও দর্শক সম্পৃক্ততা এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা।
অলিম্পিক মিউজিয়াম নেটওয়ার্কের চেয়ারম্যান এবং অলিম্পিক ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড হেরিটেজের অন্তর্বর্তী পরিচালক ইয়াসমিন মেইচট্রি বলেন, বেইজিং বিশ্বের একমাত্র শহর, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন—উভয় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে। তাই শহরটিতে নেটওয়ার্কের ২০তম সাধারণ সভা আয়োজন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সভা উপলক্ষে প্রতিনিধিরা বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়াম, ন্যাশনাল স্পিড স্কেটিং ওভাল এবং শৌকাং পার্ক পরিদর্শন করেন। অলিম্পিক গেমস শেষ হওয়ার পর এসব স্থাপনার আধুনিকায়ন, পুনরুজ্জীবন এবং বহুমুখী ব্যবহারের উদ্যোগের প্রশংসা করেন তারা।
বেইজিং অলিম্পিক মিউজিয়ামের পরিচালক হৌ মিং বলেন, জাদুঘরটির মূল লক্ষ্য হওয়া উচিত বেইজিং অলিম্পিক, শীতকালীন অলিম্পিক এবং চীনের অলিম্পিক-সংশ্লিষ্ট গল্পগুলো বিশ্বের সামনে তুলে ধরা। এর মাধ্যমে শীতকালীন অলিম্পিকের চেতনাকে এগিয়ে নেওয়া ও বিকশিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক এবং ২০২২ সালের শীতকালীন অলিম্পিক—উভয়ের স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করছে বেইজিং অলিম্পিক মিউজিয়াম। ২০২৩ সালে জাদুঘরটি অলিম্পিক মিউজিয়াম নেটওয়ার্কের ৩৩তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
সিএমজি



















