নগর অবকাঠামো আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিশাল মেগা প্রকল্প হাতে নিয়েছে চীন। সম্প্রতি আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন সংস্কার ও আধুনিকায়ন করা হবে।
দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বাস্তবায়নের জন্য নির্ধারিত এই উদ্যোগে ৬টি মূল অগ্রাধিকার খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুপেয় পানি সরবরাহ ক্ষমতা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আধুনিকায়ন, কেন্দ্রীয় হিটিং ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং যোগ্য শহরগুলোতে সমন্বিত ইউটিলিটি টানেল নির্মাণ।
প্রকল্পগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে চীনের আবাসন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ‘সংস্কারের আগে স্বাস্থ্য পরীক্ষা’ নীতি চালুর ওপর জোর দিয়েছে।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, অবকাঠামো নির্মাণের পাশাপাশি এর সঠিক ব্যবস্থাপনার ওপরও সমান গুরুত্ব দিতে হবে। যে প্রতিষ্ঠান পাইপলাইন পরিচালনা করবে, রক্ষণাবেক্ষণের মূল দায়িত্বও তাদের ওপরই বর্তাবে। প্রতিটি পাইপলাইনের নিয়মিত পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করা হচ্ছে।
এই পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে বেইজিং। চলতি বছর থেকেই দেশটির সব প্রিফেকচার ও কাউন্টি পর্যায়ের শহরে বিস্তৃত ‘আরবান হেলথ চেক’ বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র: সিএমজি



















