মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই - Mati News
Tuesday, September 22

মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই

মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে, তাদের পরীক্ষার ফরম পূরণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এই সংগঠন।

সম্প্রতি সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত একটি রচনা প্রতিযোগিতা এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা। সংগঠনের সভাপতি ড. আহসান হাবিব উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মোসলেহ উদ্দিন চুন্নু।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু, সাংবাদিক শাহ্ জালাল সরদার, সহিদুল ইসলাম (মাস্টার) ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে বরণ করে নেন।

শিক্ষার মানোন্নয়ন নিয়ে বক্তারা বলেন, কেবল শিক্ষক বা কর্তৃপক্ষের প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব নয়; এর জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে, আর এই লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও অ্যালামনাইদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরলে, তিনি পর্যায়ক্রমে সেসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষভাগে সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, বই ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন মাদ্রাসার সভাপতি ও সংগঠনের দায়িত্বশীলরা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *