ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান - Mati News
Friday, September 25

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক শামস রহমান বলেন, ঢাকা চায়না ডে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপনের পাশাপাশি সম্পর্ককে আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চীনের দ্রুত উন্নয়নের উদাহরণ তুলে ধরে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য। ২০০০ সালে শাংহাই সফরের সময় হুয়াংপু নদীর অপর পারে ফুতোং এলাকার উন্নয়নের প্রাথমিক পর্যায় দেখেছিলেন তিনি। পাঁচ বছর পর ২০০৫ সালে একই এলাকায় গিয়ে উন্নয়নের ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করেন। তাঁর মতে, ফুতোংয়ের এই পরিবর্তন চীনের উন্নয়নের গতি ও ব্যাপ্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ।

শিক্ষাক্ষেত্রে দুই দেশের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীনে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বৃত্তি কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগের কথাও জানান অধ্যাপক শামস রহমান। এর আওতায় শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে বিশেষ সার্টিফিকেট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন , বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬-এ বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

তথ্য ও ছবি- সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *