চীনজুড়ে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা ১৭৭% বৃদ্ধি - Mati News
Wednesday, October 21

চীনজুড়ে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা ১৭৭% বৃদ্ধি

আপস্ট্রিম হার্ডওয়্যার, মিডস্ট্রিম প্ল্যাটফর্ম এবং ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনগুলোর টেকসই বিকাশের ওপর ভর করে চীন তৈরি করছে এক বিশাল জাতীয় সমন্বিত কম্পিউটিং সক্ষমতা নেটওয়ার্ক। সম্প্রতি ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর মেলবন্ধনের মাধ্যমে মানসম্পন্ন উৎপাদন ত্বরান্বিত করতে চীন সরকার নতুন এক নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে।

হেবেই প্রদেশের লাংফাং শহরে ৩৬টি আধুনিক ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে, যা হুয়াওয়ে ও জেডি ডট কমের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ডেটা প্রক্রিয়াকরণসহ গবেষণা ও উদ্ভাবন খাতের রিয়েল-টাইম চাহিদা মেটাচ্ছে।

চীন বিভিন্ন অঞ্চল নিজস্ব ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে বিশেষায়িত কেন্দ্র গড়ে তুলছে। হুবেই প্রদেশের লিছুয়ান শহরের পাহাড়ি অবস্থান, শীতল আবহাওয়া ও প্রচুর জলবিদ্যুৎ সুবিধাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে ‘লিছুয়ান এআই কম্পিউটিং সেন্টার’। স্যাটেলাইট ডেটা দ্রুত প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে পাশে স্যাটেলাইট স্টেশন স্থাপন করায় পরিচালন ব্যয় ও সময় দুটোই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর জুনের শেষ নাগাদ চীনের ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা ১৭৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২ হাজার ১৮৫ ইএফএলওপিএস এ। এর মাধ্যমে বিভিন্ন কম্পিউটিং হাবের মধ্যে ৭০টিরও বেশি সংযোগ চ্যানেল তৈরি করা হয়েছে।

চীনের জাতীয় কম্পিউটিং প্ল্যাটফর্মটি সারাদেশে কম্পিউটিং শক্তি পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজ করছে। এতে ২ হাজারটির বেশি কম্পিউটিং পণ্য তালিকাভুক্ত রয়েছে এবং ৩০০টির বেশি বড় মডেল যুক্ত রয়েছে, যা এআই ডেভেলপারদের চাহিদা অনুযায়ী সুবিধা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কেবল সম্পদ জমানো নয়; বরং বিদ্যুৎ, ডেটা, এআই মডেল ও বাস্তব ব্যবহারের ক্ষেত্রগুলোকে একত্রিত করার একটি সমন্বিত অবকাঠামো।

এই মেগা নেটওয়ার্কটি বৃহৎ এআই মডেল প্রশিক্ষণ, স্বায়ত্তশাসিত গাড়ি চালনা এবং ড্রোন ও নিম্ন-উচ্চতার অর্থনীতিসহ অন্যান্য আধুনিক খাতের বিকাশ সহজ করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পথ আরও উন্মুক্ত করছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *