গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্ক, মিসর ও কাতারের প্রতিনিধিরা। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি স্পষ্টভাবে জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে হবে। একইসঙ্গে, সংঘাতের মাত্রা বাড়িয়ে দেয় এমন যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সংঘাত অবসানের চলমান সমন্বিত শান্তি প্রচেষ্টাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে ‘বোর্ড অব পিস’ ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে যে গঠনমূলক অগ্রগতি অর্জিত হয়েছে, এই হামলা সেই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।
পরিস্থিতির অবনতি রোধ এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায় ও বোর্ড অব পিসকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক, মিসর ও কাতার। সংঘাতের বিস্তার ঠেকাতে তারা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।




















