উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও পরিচালনার আহ্বান চীনের - Mati News
Wednesday, November 25

উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও পরিচালনার আহ্বান চীনের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চালকবিহীন ব্যবস্থার মতো উদীয়মান প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার ও পরিচালনার আহ্বান জানিয়েছে চীন। এসব প্রযুক্তি বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আবার সংঘাত বাড়ানোর কারণও হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সংঘাত নিরসন নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফু ছোং বলেন, ‘বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন বিপ্লব এবং শিল্প খাতের রূপান্তর দ্রুত এগিয়ে চলছে। এতে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে নতুন সুযোগের পাশাপাশি নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে ।’

তিনি বলেন, উদীয়মান প্রযুক্তির উন্নয়ন যেন মানবকল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে সব দেশের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। শান্তিপূর্ণ কাজে প্রযুক্তি ব্যবহারের অধিকার সব দেশেরই রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রযুক্তিগত বাধা তৈরি এবং বিভক্তি উসকে দেওয়া উচিত নয়।

চীনা প্রতিনিধি আরও বলেন, প্রযুক্তি পরিচালনায় জাতিসংঘের প্রধান ভূমিকা বজায় রাখতে হবে। অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের হাতিয়ার হিসেবে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা যাবে না। তিনি জানান, ন্যায্য ও সমতাভিত্তিক বৈশ্বিক প্রযুক্তি পরিচালনা ব্যবস্থা গড়ে তুলতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *