এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠন এপেক সদস্যের লক্ষ্য: সিএমজিকে পেদ্রোসা - Mati News
Saturday, November 21

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠন এপেক সদস্যের লক্ষ্য: সিএমজিকে পেদ্রোসা

এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতি সহযোগিতা (এপেক) সচিবালয়ের নির্বাহী পরিচালক এদুয়ার্দো পেদ্রোসা বলেছেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গঠনে সংস্থাটির সব সদস্যের লক্ষ্য অভিন্ন। এপেকের সব কার্যক্রমেই এ লক্ষ্য প্রতিফলিত হয়।

২০২৬ সালের ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিংকে ঘিরে শেনচেনে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবারের এপেক সম্মেলনের প্রতিপাদ্য ‘একসঙ্গে সমৃদ্ধির লক্ষ্যে এশিয়া-প্যাসিফিক সমাজ গঠন’ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন পেদ্রোসা।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে এ লক্ষ্য অর্জনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এগুলো সচিবালয়ের পরিকল্পনা নয়, বরং এপেকের পরিকল্পনা। এপেক সদস্যদের পরিচালিত একটি সংস্থা। তাই আমরা একটি উন্মুক্ত, গতিশীল, সহনশীল ও শান্তিপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্য গ্রহণ করেছি।‘

তিনি আরও বলেন, “বছরের পর বছর আমরা দেখছি, এপেকের সদস্যরা একত্রিত হয়ে নির্দিষ্ট বিষয় ও কাঠামোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাচ্ছেন। এসব উদ্যোগ আমাদের অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায়ের ধারণা আমাদের সব কার্যক্রমেই রয়েছে। তবে আমি ‘সম্প্রদায়’ শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দিতে চাই।“

পেদ্রোসা বলেন, ‘সম্প্রদায় বলতে অনেক সময় আমরা ছোট কোনো গোষ্ঠী বা গ্রামের কথা ভাবি। কিন্তু এপেকের ক্ষেত্রে এটি একটি বিশাল অঞ্চল, যেখানে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশ এবং বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বসবাস। আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা পারস্পরিক যোগাযোগ বাড়াতে চাই। পাশাপাশি সহমর্মিতা ও বোঝাপড়ার ক্ষেত্র আরও বিস্তৃত করতে চাই। একে অপরের জন্য উন্মুক্ত হতে এবং সত্যিকার অর্থে একটি গতিশীল ও বিশেষ করে শান্তিপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে এসব বিষয় অত্যন্ত প্রয়োজনীয়।‘

তিনি বলেন, ‘চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটি আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিরও (রিসেপ) সদস্য। এটি অত্যন্ত বড় এক চুক্তি। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন কোথায় দেখা যাবে? তা অবশ্যই ভবিষ্যৎমুখী বিষয়গুলোতে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে।‘

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *