গত ২৮ অক্টোবর, অস্ট্রেলিয়ার ১১০ জন তরুণ শিক্ষার্থীর চিঠির জবাব দেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। জবাবি চিঠিতে তিনি চীন-অস্ট্রেলিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে, তরুণ-তরুণীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান।
সি চিন পিং বলেন, “সম্প্রতি তোমরা চীনে এসে ‘চীন-অস্ট্রেলিয়া যুব (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী) রোয়িং ও ড্রাগন বোট বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায়’ অংশ নিয়েছ এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি গভীর যোগাযোগ করেছ। এর মাধ্যমে তোমরা দেশের সীমানা অতিক্রম করে বন্ধুত্ব গড়ে তুলেছ এবং সুন্দর স্মৃতি সৃষ্টি করেছ—এ কথা জেনে আমি অত্যন্ত আনন্দিত।”
সি চিন পিং বলেন, চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের ইতিহাস দীর্ঘকালের। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে। তিনি আশা করেন, তরুণ-তরুণীরা চীন-অস্ট্রেলিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার কাজে সক্রিয়ভাবে অংশ নেবে এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার উত্তরাধিকার বহন করবে, যাতে এই বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত থাকে।
সম্প্রতি সিডনি বিশ্ববিদ্যালয়সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন তরুণ শিক্ষার্থী যৌথভাবে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কাছে চিঠি লেখেন। চিঠিতে তাঁরা তাদের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি, চীনের সুদীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী সক্ষমতা দেখে নিজেদের মুগ্ধ হবার কথাও তাঁরা উল্লেখ করেন।
সূত্র: সিএমজি





















