আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে ‘১+১০’ সংলাপে বসতে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। আগামী ২ ডিসেম্বর সকালে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।
এবারের সংলাপের মূল প্রতিপাদ্য হলো—‘উদ্ভাবনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি এবং উন্মুক্ততার মাধ্যমে সবার উন্নয়ন নিশ্চিত করা’।
সংলাপে অংশ নেবেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়েলা।
এ ছাড়া জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (আঙ্কটাড), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি), ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ড এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
সংলাপে উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সবার উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।
সিএমজি





















