চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে ফোনে কথা বলেছেন।
গতকালের (সোমবার) ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও জার্মানি বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি এবং সার্বিক কৌশলগত অংশীদার। একতরফাবাদ ও বিশ্বায়নবিরোধী প্রবণতার প্রভাবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা, পারস্পরিক আস্থা বাড়ানো এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করা।
তিনি বলেন, চীন ও জার্মানির যৌথভাবে বহুপাক্ষিকতা ও অবাধ বাণিজ্যের পক্ষে ইতিবাচক বার্তা দেওয়া প্রয়োজন। এতে চীন-জার্মানি সম্পর্কের উন্নয়নে আন্তর্জাতিক আস্থা বাড়বে এবং চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের উন্নয়নেও গঠনমূলক ভূমিকা রাখা সম্ভব হবে।
ওয়াং ই আরও বলেন, চীন ও জার্মানির পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সঠিক ও যৌথ সিদ্ধান্ত।
ওয়াং ই আরও বলেন, এক চীন নীতি চীন-জার্মানি সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। জার্মানি দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ঐতিহ্যকে আরও লালন ও সুসংহত করবে, দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে বলে আশা করে চীন।
তিনি বলেন, চীন ও ইইউ সার্বিক কৌশলগত অংশীদার। দুই পক্ষের বাণিজ্যযুদ্ধে জড়ানো উচিত নয়। চীন সংলাপ ও আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতা বাড়ানো এবং উভয় পক্ষের উদ্বেগের সমাধান খুঁজে বের করার আহ্বান জানায় বলেও জানান তিনি।
চীন আশা করে, জার্মানি যৌক্তিক ও বাস্তববাদী মনোভাব বজায় রাখবে, ইইউর মধ্যে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং অবাধ বাণিজ্যের প্রতি ইইউর অঙ্গীকার, সংরক্ষণবাদের প্রত্যাখ্যান, উন্মুক্ত সহযোগিতা ও সংলাপের প্রতি সমর্থন জোরদারে ভূমিকা রাখবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-জার্মানি সম্পর্কের উন্নয়ন সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। জার্মানি চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় আরও জোরদার করতে, চীন-জার্মান সরকারি পর্যায়ের নতুন দফার আলোচনা আয়োজন করতে, অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাস্তব সহযোগিতা গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে আগ্রহী।
তিনি বলেন, জার্মানি দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলবে এবং এ অবস্থানের পরিবর্তন হবে না। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি উদ্ভুত হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় চীন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে তার প্রভাব কাজে লাগিয়ে জার্মানির সঙ্গে সমাধানের পথ খুঁজতে কাজ করবে বলেও আশা করেন তিনি।
ওয়েডফুল বলেন, জার্মানি সংলাপের মাধ্যমে মতপার্থক্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে ইইউ ও চীনের প্রচেষ্টাকে সমর্থন করে এবং এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি















