চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক - Mati News
Wednesday, October 14

চীনের উপ-প্রধানমন্ত্রী ও মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির শীর্ষ কর্মকর্তার বৈঠক

আমেরিকান-চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের সাথে সোমবার বেইজিংয়ে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্র সফর করেছেন। সে সময় দুই দেশের রাষ্ট্রপ্রধানই শ্রদ্ধা, ন্যায্যতা এবং পারস্পরিকতার ভিত্তিতে একটি গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ গড়ে তুলতে একমত হয়েছিলেন।

উপ-প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, দুই শীর্ষ নেতার মধ্যে অর্জিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে বাস্তবায়ন করা উচিত। এতে করে কেবল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাতেই নয়, বরং সামগ্রিক বিশ্ব অর্থনীতিতেও আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চয়তা সঞ্চারিত হবে। এ সময় মার্কিন-চীন সম্পর্কবিষয়ক এনসিইউএসসিআর যেন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করতে তাদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখে, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল উন্নয়নের সুদূরপ্রসারী তাৎপর্য তুলে ধরা হয়। মার্কিন প্রতিনিধিরা জানান, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও বৃদ্ধি করতে তাঁরা একটি কার্যকর সেতু বা সংযোগ মাধ্যম হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *