সাকিব সিকান্দার
চীনের ফ্ল্যাগশিপ স্মার্ট কারখানাগুলো কেবল অত্যন্ত উন্নত বুদ্ধিমান প্রযুক্তির ব্যবহারই নিশ্চিত করছে না, বরং সামগ্রিক শিল্পের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত উৎপাদনপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে এসব কারখানা পরবর্তী প্রজন্মের বুদ্ধিমান উৎপাদনব্যবস্থার নতুন পথ দেখাচ্ছে। বৃহস্পতিবার চীনের শিল্প ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়সহ সরকারের আরও পাঁচটি বিভাগ এসব তথ্য জানায়।
সরকারি তথ্য অনুযায়ী, দেশটির চার স্তরের স্মার্ট কারখানা উন্নয়ন কর্মসূচির সর্বোচ্চ স্তর ফ্ল্যাগশিপ স্মার্ট কারখানার তালিকায় নতুন করে ৩৪টি কারখানা যুক্ত হয়েছে। এর ফলে এ ধরনের কারখানার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টিতে। নতুন তালিকায় স্থান পাওয়া কারখানাগুলো বিভিন্ন শিল্পখাতের। এসব কারখানায় উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী উৎপাদন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের তেইয়াং সিটিতে তোংফাং টার্বাইন কোম্পানি লিমিটেড তাদের স্মার্ট কারখানায় মডিউলার সমন্বিত উৎপাদনব্যবস্থা চালু করেছে। বড় আকারের বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামের বিভিন্ন বিচ্ছিন্ন অংশের উৎপাদন সমন্বয়ের ক্ষেত্রে শিল্পজুড়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় এ ব্যবস্থা তৈরি করা হয়েছে।
এ প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক হুও মিংচুন বলেন, ‘মডিউলার উৎপাদন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমরা জ্বালানি সরঞ্জাম উৎপাদনের দক্ষতা এবং পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা বাড়িয়েছি। এর ফলে জাতীয় কৌশলগত সরঞ্জামের স্থিতিশীল ও নির্ভরযোগ্য কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হচ্ছে।‘
বড় সরঞ্জামের পাশাপাশি ক্ষুদ্র ও নিখুঁত যন্ত্রাংশ উৎপাদনেও চীনের উন্নত উৎপাদন সক্ষমতার পরিচয় পাওয়া যাচ্ছে।
পূর্ব চীনের শানতোং প্রদেশের ওয়েইফাংয়ের ওয়েইফাংয়ে অবস্থিত একটি স্মার্ট কারখানা নিখুঁত ইলেকট্রোঅ্যাকোস্টিক যন্ত্রাংশ উৎপাদন করছে। ক্ষুদ্র শব্দযন্ত্রের মাইক্রোমিটার পর্যায়ের প্রক্রিয়াকরণ চাহিদা পূরণে কারখানাটি পুরো উৎপাদন প্রক্রিয়ার জন্য নিজস্ব প্রযুক্তিতে মূল সরঞ্জাম তৈরি করেছে। এর ফলে বিভিন্ন ধরনের নিখুঁত ইলেকট্রোঅ্যাকোস্টিক পণ্য দ্রুত ও নমনীয়ভাবে উৎপাদন করা সম্ভব হচ্ছে।
ওদিকে, চিয়ানসু প্রদেশের নানচিংয়ে অবস্থিত একটি কারখানা নিজস্ব প্রযুক্তিতে বুদ্ধিমান এজেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর কয়েক ডজন শিল্প-ভিত্তিক এআই এজেন্ট উৎপাদন পরিকল্পনা, যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণে সক্ষম।
জেডটিই করপোরেশনের (নানচিং) মহাব্যবস্থাপক চৌ চিয়ানফেং বলেন, ‘বুদ্ধিমান এজেন্টগুলো উৎপাদন লাইনের অবস্থা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। তথ্যপ্রবাহের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন পরিচালনা করে এবং উপকরণের চলাচলের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পায়। এগুলো স্বয়ংক্রিয়ভাবে উৎপাদন নির্দেশনা দিতে, সম্পদের ব্যবহার সমন্বয় করতে এবং পণ্যের গুণগত মান পরীক্ষা করতে পারে। এর ফলে ৩০০টির বেশি মডেলের পণ্য উৎপাদনে কোনো বিরতি ছাড়াই উৎপাদন লাইন পরিবর্তন করা সম্ভব হচ্ছে।‘
বিশেষজ্ঞরা বলছেন, নতুন তালিকাভুক্ত ফ্ল্যাগশিপ স্মার্ট কারখানাগুলো এখন আর শুধু দাপ্তরিক কাজের সহায়ক হিসেবে এআই ব্যবহার করছে না, বরং উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবনের মতো মূল কার্যক্রমের সঙ্গে এ প্রযুক্তিকে গভীরভাবে যুক্ত করেছে।
সিএমজি





















